অতিবৃষ্টিতে সয়াবিন আহরণে ধীরগতি ব্রাজিলে

অতিরিক্ত বৃষ্টিপাতে ব্রাজিলে ২০২৪-২৫ মৌসুমের সয়াবিন আহরণ ব্যাহত হচ্ছে।

অতিরিক্ত বৃষ্টিপাতে ব্রাজিলে ২০২৪-২৫ মৌসুমের সয়াবিন আহরণ ব্যাহত হচ্ছে। পাশাপাশি প্রতিকূল আবহাওয়ায় দ্বিতীয় ধাপের ভুট্টা রোপণও বিলম্বিত হয়েছে। সম্প্রতি কৃষি ব্যবসাবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান অ্যাগ্রুরালের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

অ্যাগ্রুরালের প্রতিবেদন অনুসারে, ১৬ জানুয়ারি পর্যন্ত কৃষকরা ১ দশমিক ৭ শতাংশ জমি থেকে সয়াবিন সংগ্রহ করতে পেরেছেন, যা ২০২০-২১ মৌসুমের পর সর্বনিম্ন। আগের সপ্তাহে এ হার ছিল মাত্র দশমিক ৩ শতাংশ। আহরণ কিছুটা বাড়লেও তা গত বছরের তুলনায় অনেক পিছিয়ে। ২০২৩-২৪ মৌসুমের একই সময়ে ৬ শতাংশ সয়াবিন আহরণ হয়েছিল।

ব্রাজিলের শীর্ষ শস্য উৎপাদনকারী রাজ্য মাতো গ্রোসোতে বৃষ্টিপাতের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। অ্যাগ্রুরাল জানিয়েছে, অঞ্চলটিতে ফসল আহরণের গতি ২০১০-১১ মৌসুমের পর সবচেয়ে ধীর।

প্রতিকূল আবহাওয়া দেশটির দ্বিতীয় ধাপের ভুট্টা রোপণেও প্রভাব ফেলেছে। দক্ষিণ আমেরিকার দেশটির মোট ভুট্টা উৎপাদনের প্রায় ৭৫ শতাংশই দ্বিতীয় ধাপের ফসল, যা সয়াবিন সংগ্রহের পর একই জমিতে রোপণ করা হয়।

অ্যাগ্রুরালের তথ্যানুযায়ী, ১৬ জানুয়ারি পর্যন্ত ব্রাজিলের কেন্দ্র দক্ষিণ অঞ্চলে দ্বিতীয় ধাপের ভুট্টা রোপণ মাত্র দশমিক ৩ শতাংশ জমিতে সম্পন্ন হয়েছে, আগের বছরের একই সময়ে যা ছিল ৪ দশমিক ৯ শতাংশ। রোপণের এ গতি ২০২১ সালের পর সবচেয়ে ধীর। দুই প্রধান শস্য উৎপাদনকারী রাজ্যের মধ্যে অতিরিক্ত বৃষ্টিপাতে মাতো গ্রোসোতে এবং কম বৃষ্টিপাতে পারানায় ফসল রোপণে বিলম্বে হচ্ছে।

অ্যাগ্রুরাল ব্রাজিলের ১২টি রাজ্যের কৃষক ও কৃষি কোম্পানিগুলোর জন্য বাজার তথ্য, বিশ্লেষণ ও পরামর্শ দিয়ে থাকে। এসব অঞ্চলে দেশটির মোট ভুট্টা ও সয়াবিনের প্রায় ৯০ শতাংশ উৎপাদন হয়।

২০২৪-২৫ বিপণন মৌসুমে রেকর্ড শস্য উৎপাদনের পূর্বাভাস রয়েছে। জাতীয় সরবরাহ সংস্থার (কোনাব) সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, ব্রাজিলে মোট শস্য উৎপাদন ৩২ কোটি ২৩ লাখ টনে পৌঁছতে পারে। এ সময় সয়াবিন উৎপাদন ১৬ কোটি ৬৩ লাখ টনে পৌঁছার পূর্বাভাস দেয়া হয়েছে, যা আগের মৌসুমের তুলনায় প্রায় ১ কোটি ৯০ লাখ টন বেশি। একই সঙ্গে রেকর্ড ভুট্টা উৎপাদনের পূর্বাভাস রয়েছে। ২০২৩-২৪ মৌসুমের তুলনায় শস্যটির উৎপাদন ৩ শতাংশ বেড়ে ১১ কোটি ৯৬ লাখ টনে পৌঁছতে পারে।

আরও