দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখিতা দেখা গেছে। আলোচ্য সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ৩ দশমিক ২৭ শতাংশ বেড়েছে। পাশাপাশি এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন বেড়েছে ৩২ শতাংশের বেশি। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইএক্স সূচক আগের সপ্তাহের তুলনায় ১৫৯ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৪ হাজার ৮৬৯ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ৫৬ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৮৭৮ পয়েন্ট। ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে ৩৮ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ১৮ পয়েন্ট।
ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৭৯টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৩৫টির, কমেছে ৩২টির ও দর অপরিবর্তিত ছিল ১২টির। আর লেনদেন হয়নি ৩৪টির। গত সপ্তাহে সূচকের উত্থানে সবচেয়ে বেশি অবদান রেখেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, রেনাটা পিএলসি, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও ইসলামী ব্যাংকের শেয়ার।
ডিএসইতে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে দৈনিক গড়ে ৫২৫ কোটি ১১ লাখ ৬০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৩৯৭ কোটি ৫৩ লাখ ৪০ হাজার টাকা। সে হিসাবে এক সপ্তাহের ব্যবধানে এক্সচেঞ্জটির দৈনিক গড় লেনদেন বেড়েছে ৩২ দশমিক শূন্য ৯ শতাংশ।
খাতভিত্তিক লেনদেনে গত সপ্তাহে প্রকৌশল খাতের আধিপত্য ছিল। লেনদেনচিত্র বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ১৩ দশমিক শূন্য ১ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে প্রকৌশল খাত। ১২ দশমিক ৪৮ শতাংশ লেনদেনের ভিত্তিতে দ্বিতীয় অবস্থানে ছিল বস্ত্র খাত। তৃতীয় অবস্থানে থাকা জ্বালানি ও বিদ্যুৎ খাতের দখলে ছিল লেনদেনের ১২ দশমিক শূন্য ৮ শতাংশ। ওষুধ ও রসায়ন খাত ১০ দশমিক ৮৫ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ অবস্থানে ছিল। আর ৮ দশমিক ১২ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার পঞ্চম অবস্থানে ছিল ব্যাংক খাত।
ডিএসইতে গত সপ্তাহে সব খাতের শেয়ারেই ইতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৮ দশমিক ৫৬ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে তথ্যপ্রযুক্তি খাতে। এছাড়া সাধারণ বীমা খাতে ৭ দশমিক ৫৭, কাগজ ও মুদ্রণ খাতে ৭ দশমিক ১৫, জীবন বীমা খাতে ৬ দশমিক ৬১ এবং সিরামিক খাতে ৫ দশমিক ৮৪ শতাংশ ইতিবাচক রিটার্ন ছিল।
দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই গত সপ্তাহে ২ দশমিক ৯০ শতাংশ বেড়ে ১৪ হাজার ৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসসিএক্স সূচকটি সপ্তাহের ব্যবধানে ২ দশমিক ৬৬ শতাংশ বেড়ে ৮ হাজার ৬৪২ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে গত সপ্তাহে ১১০ কোটি ৯৩ লাখ টাকার লেনদেন হয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৪৬ কোটি ৭৭ লাখ টাকা। আলোচ্য সপ্তাহে সিএসইতে লেনদেন হওয়া ২৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪৫টির, কমেছে ৪২টির আর দর অপরিবর্তিত ছিল ১০টির।