ডলারের বিনিময় হার কমে যাওয়া ও চীনে চাহিদা বৃদ্ধির প্রত্যাশায় গতকাল এক সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে তামার দাম। সাংহাই ফিউচার এক্সচেঞ্জে (এসএইচএফই) গতকাল সেপ্টেম্বরে সরবরাহের চুক্তিতে ধাতব পণ্যটির দাম বেড়েছে দশমিক ৭৫ শতাংশ। টনপ্রতি মূল্য পৌঁছেছে ৭৯ হাজার ১০ ইউয়ানে (১১ হাজার ৫ ডলার ২৫ সেন্ট), যা গত ৩০ জুলাইয়ের পর সর্বোচ্চ। খবর বিজনেস রেকর্ডার।
লন্ডন মেটাল এক্সচেঞ্জে গতকাল তিন মাসের সরবরাহের চুক্তিতে তামার দাম টনপ্রতি ৯ হাজার ৭৮৯ ডলারে পৌঁছেছে, যা গত ৩১ জুলাইয়ের পর সর্বোচ্চ।
বিশ্বে ধাতব পণ্য ব্যবহারে শীর্ষ দেশ চীন। দেশটিতে সামনের দিনগুলোয় তামার চাহিদা বাড়তে পারে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। তবে চিলির এল তেনিয়েন্তে খনি থেকে পুনরায় উত্তোলন শুরুর অনুমতি পাওয়ায় সরবরাহ নিয়ে উদ্বেগ কিছুটা কমে এসেছে। প্রাণঘাতী ধসের ঘটনায় ছয় শ্রমিক নিহত হওয়ার পর এক সপ্তাহের বেশি সময় ধরে খনি কোম্পানিটি বন্ধ ছিল।