বিশ্ববাজারে স্বর্ণের উচ্চমূল্য, বিনিয়োগকারীদের চাহিদা ও অস্থিতিশীল লেনদেনের কারণে রুপার দাম দিন দিন ঊর্ধ্বমুখী হয়ে উঠছে। ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সুদহার কমানোর প্রত্যাশাও মূল্যবান ধাতুগুলোর দাম বাড়ার পেছনে ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর রয়টার্স ও মাইনিং উইকলি।
স্পট মার্কেটে গত বুধবার স্বর্ণের দাম আউন্সপ্রতি ৪৯ ডলার ৫৭ সেন্টে পৌঁছে। যদিও গতকাল তা কিছুটা কমে ৪৯ ডলার ২১ সেন্টে নেমে এসেছে।
চলতি বছরের এখন পর্যন্ত বিশ্ববাজারে রুপার দাম বেড়েছে ৭০ শতাংশ। এটি ২০১০ সালের পর এখন পর্যন্ত সর্বোচ্চ বার্ষিক বৃদ্ধির পথে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশ্লেষকরা বলছেন, স্পট মার্কেটে সরবরাহ সংকটও রুপার দাম বাড়ার পেছনে অন্যতম ভূমিকা রাখছে।
মার্কেটপালসের বিশ্লেষক জেইন ভাউডা জানিয়েছেন, বেশির ভাগ খুচরা ও অন্য বিনিয়োগকারীরা রুপাকে নিরাপদ বিনিয়োগ হিসেবে ব্যবহার করছেন। এতে চাহিদা বাড়ছে, যার প্রভাব পড়ছে দামে।
তিনি আরো জানান, দীর্ঘমেয়াদে সরবরাহ ঘাটতি ও শিল্প খাতে শক্তিশালী চাহিদার কারণে রুপার দাম আগামী ছয় মাসে আউন্সপ্রতি ৫৫ ডলারে পৌঁছতে পারে।
এদিকে লন্ডনের স্পট মার্কেটে তারল্য সংকটও রুপার দাম বাড়ায় ভূমিকা রাখছে। চলতি বছর যুক্তরাষ্ট্রের কমেক্স মালিকানাধীন গুদামে উল্লেখযোগ্য পরিমাণ রুপার সরবরাহ স্থানান্তরিত হয়েছে। মূলত এপ্রিলের আমদানি শুল্ক নিয়ে উদ্বেগের কারণে সরবরাহ স্থানান্তর করা হয়েছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মেটালস ফোকাসের ডিরেক্টর অব গোল্ড অ্যান্ড সিলভার ম্যাথিউ পিগটট বলেন, স্বর্ণের দামে ঊর্ধ্বমুখিতার প্রভাবে ২০২৬ সালে রুপার দাম আউন্সপ্রতি ৬০ ডলার ছাড়াতে পারে। সৌরপ্যানেল, ইলেকট্রনিকস ও বৈদ্যুতিক যানবাহনের মতো প্রযুক্তি খাতে শক্তিশালী চাহিদা ধাতুটির দাম বাড়ার পেছনে ভূমিকা রাখবে।
এদিকে ২০২৫ সালের জন্য রুপার গড় মূল্য পূর্বাভাস সংশোধন করেছে আর্থিক পরিষেবা ও বিনিয়োগ ব্যাংক এইচএসবিসি। ব্যাংকটির বুধবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে আন্তর্জাতিক বাজারে রুপার গড় দাম দাঁড়াতে পারে আউন্সপ্রতি ৩৮ ডলার ৫৬ সেন্ট। এর আগে দেয়া পূর্বাভাসে যা ছিল আউন্সপ্রতি ৩৫ ডলার ১৪ সেন্ট।
এইচএসবিসি আরো জানায়, আগামী বছর বিশ্ববাজারে প্রতি আউন্স রুপার গড় দাম পৌঁছতে পারে ৪৪ ডলার ৫০ সেন্ট। এর আগে দেয়া পূর্বাভাসে এটি ছিল আউন্সপ্রতি ৩৩ ডলার ৯৬ সেন্ট। এছাড়া এর আগে ২০২৭ সালে আউন্সপ্রতি রুপার দাম ৩১ ডলার ৭৯ সেন্টের পূর্বাভাস দিলেও বর্তমানে তা সংশোধন করে ৪০ ডলার নির্ধারণ করেছে ব্যাংকটি।
এইচএসবিসি জানিয়েছে, ২০২৫ সালের বাকি সময় রুপার দাম আউন্সপ্রতি ৪৫-৫৩ ডলারের মধ্যে ওঠানামা করতে পারে। আর ২০২৬ সালে তা ৪০-৫৫ ডলারের মধ্যে থাকতে পারে।
প্রতিবেদনে আরো বলা হয়, ২০২৬ সালের প্রথমার্ধে রুপার দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে পারে। তবে দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে দাম কমতে পারে। এর কারণ হিসেবে লন্ডনে মজুদ বৃদ্ধি, স্বর্ণের দামের স্থিতি ও সরবরাহের বৃদ্ধি ভূমিকা রাখতে পারে।