চীনের চাহিদায় বেড়েছে আকরিক লোহার দাম

চীনের নির্মাণ খাতের প্রবৃদ্ধিতে ইস্পাতের চাহিদা বেড়েছে। এর প্রভাব পড়েছে আকরিক লোহার দামে।

চীনের নির্মাণ খাতের প্রবৃদ্ধিতে ইস্পাতের চাহিদা বেড়েছে। এর প্রভাব পড়েছে আকরিক লোহার দামে। গতকাল পণ্যটির দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। খবর বিজনেস রেকর্ডার।

চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) জানুয়ারিতে সরবরাহের চুক্তিতে গতকাল আকরিক লোহার দাম বেড়ে দাঁড়ায় টনপ্রতি ৮১৪ দশমিক ৫ ইউয়ানে (১১৪ ডলার ৫০ সেন্ট), যা আগের দিনের তুলনায় ১ দশমিক ১২ শতাংশ বেশি। এ সময় সিঙ্গাপুর এক্সচেঞ্জে সেপ্টেম্বরে সরবরাহের চুক্তিতে আকরিক লোহার দাম কিছুটা বেড়ে দাঁড়ায় টনপ্রতি ১০৫ ডলার ৮০ সেন্টে।

চীনা কনসালট্যান্সি প্রতিষ্ঠান মাইস্টিলের তথ্য অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে দেশটির ব্লাস্ট ফার্নেসগুলোয় ইস্পাতের উৎপাদন সক্ষমতার ব্যবহার দশমিক ২ শতাংশীয় পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯০ দশমিক ৪ শতাংশে। মূলত উত্তর চীনের কারখানাগুলোয় উৎপাদন পুনরায় শুরু হওয়ায় এ প্রবৃদ্ধি হয়েছে।

ব্রোকার প্রতিষ্ঠান হেক্সুন ফিউচারস জানিয়েছে, চলমান মজুদ হ্রাস ও ডাউনস্ট্রিম কোম্পানিগুলোর পুনরায় সংগ্রহ আকরিক লোহার চাহিদা বাড়াচ্ছে। স্টিলহোমের তথ্য অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহে চীনের বন্দরে আকরিক লোহার মজুদ দশমিক ৪২ শতাংশ কমে প্রায় ১৩ কোটি ২০ লাখ টনে দাঁড়িয়েছে।

ইস্পাত তৈরির অন্যান্য কাঁচামালের দামে গতকাল মিশ্র প্রবণতা দেখা গেছে। ডিসিইতে গতকাল কোকিং কয়লার দাম দশমিক ৮২ শতাংশ বেড়েছে। এ সময় কোকের দাম কমেছে দশমিক ১৪ শতাংশ।

আরও