পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেকের অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন গত মাসে বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। এছাড়া এ সময় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান থেকে জ্বালানি তেল রফতানি শক্তিশালী ধারা বজায় ছিল। পাশাপাশি নাইজেরিয়াও ওপেক প্লাসের নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় বেশি জ্বালানি তেল উত্তোলন করেছে।
সার্বিকভাবে ওপেক ফেব্রুয়ারিতে দৈনিক গড়ে ২ কোটি ৬৭ লাখ ৪০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করেছে, যা জানুয়ারির সংশোধিত গড়ের তুলনায় ১ লাখ ৭০ হাজার ব্যারেল বেশি। এ সময় ইরান ও নাইজেরিয়া সবচেয়ে বেশি উত্তোলন বৃদ্ধির হার দেখিয়েছে।
রয়টার্স সমীক্ষায় দেখা গেছে, ইরান ফেব্রুয়ারিতে দৈনিক ৩৩ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন করেছে, যা জানুয়ারির তুলনায় দৈনিক ৮০ হাজার ব্যারেল বেশি। এটি ২০১৮ সালের পর সর্বোচ্চ উত্তোলন।
উত্তোলন বৃদ্ধিতে দ্বিতীয় বৃহত্তম অবস্থান ধরে রেখেছে নাইজেরিয়া। দেশটি থেকে এ সময় রফতানি বৃদ্ধির পাশাপাশি অভ্যন্তরীণ ব্যবহারও বেড়েছে। ইরানের দাঙ্গোটে জ্বালানি তেল পরিশোধনাগারে সবচেয়ে বেশি ব্যবহার বেড়েছে। নাইজেরিয়া গত মাসে ওপেক প্লাসের লক্ষ্যমাত্রার তুলনায় দৈনিক ৭০ হাজার ব্যারেল বেশি জ্বালানি তেল উত্তোলন করছে, যা এ সংগঠনের মধ্যে সর্বোচ্চ।
রয়টার্সের সমীক্ষা অনুযায়ী, ফেব্রুয়ারিতে ওপেকভুক্ত দেশ সৌদি আরবের উত্তোলন কিছুটা কমেছে। তবে ইরাকে তা কিছুটা ঊর্ধ্বমুখী ছিল। দুই দেশই তাদের নির্ধারিত ওপেক প্লাসের লক্ষ্যমাত্রার তুলনায় কম জ্বালানি তেল উত্তোলন করছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উত্তোলন এ সময় ওপেক প্লাসের লক্ষ্যমাত্রার তুলনায় বেশি ছিল।
উল্লেখ্য, রয়টার্সের এ সমীক্ষার লক্ষ্য বাজারে সরবরাহের প্রবাহ পর্যবেক্ষণ করা। এটি আর্থিক প্রতিষ্ঠান এলএসইজি ও কেপলারের মতো অন্যান্য প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ করে। এছাড়া এ জরিপ অন্যান্য জ্বালানি তেল কোম্পানি ও ওপেকসংশ্লিষ্ট ও বিশ্লেষকদের সূত্র থেকে সংগৃহীত তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
এদিকে শুক্রবার জ্বালানি তেলের দাম কিছুটা বাড়লেও মার্কিন শুল্ক নীতির অনিশ্চয়তা চাহিদা বৃদ্ধি নিয়ে উদ্বেগ তৈরি করেছে। পাশাপাশি প্রধান উত্তোলনকারী দেশগুলো উত্তোলন বৃদ্ধির পরিকল্পনা করছে। এটি পণ্যটির দামে আরো নিম্নমুখী চাপ তৈরি করেছে।
অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম শুক্রবার ৫০ সেন্ট বা দশমিক ৭২ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলের মূল্য পৌঁছেছে ৬৯ ডলার ৯৬ সেন্টে। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৪৭ সেন্ট বা দশমিক ৭১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৬৬ ডলার ৮৩ সেন্টে স্থির হয়েছে।