জাপানি কোম্পানিগুলো গত বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বরে) ২০২৩ সালের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৫ শতাংশ বেশি কর-পূর্ব মুনাফা অর্জন করেছে। মূলত রেকর্ড বিক্রির কারণে প্রতিষ্ঠানগুলো এ প্রবৃদ্ধির দেখা পেয়েছে। বিশেষ করে টেলিকমিউনিকেশন যন্ত্রাংশ খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তিশালী চাহিদা এতে ভূমিকা রেখেছে। খবর জাপান টুডে।
এ প্রতিবেদন তৈরিতে জাপানের অর্থ মন্ত্রণালয় ৩২ হাজার ৩৬৩টি কোম্পানি থেকে তথ্য সংগ্রহ করেছে। মূলত ১ কোটি ইয়েন বা তার বেশি মূলধন রয়েছে এমন কোম্পানি থেকে প্রতিক্রিয়া চাওয়া হয়েছে। এর মধ্যে ২২ হাজার ৮৬৭টি কোম্পানি বা ৭০ দশমিক ৭ শতাংশ সাড়া দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আগের দুটি প্রান্তিকে জাপানি কোম্পানিগুলোর কর-পূর্ব মুনাফা কমেছিল। এরপর বছরের শেষ প্রান্তিকে ২৮ লাখ ৬৯ হাজার কোটি ইয়েন কর-পূর্ব মুনাফা হয়েছে, যা ওই প্রান্তিকের জন্য সর্বোচ্চ।
ডিসেম্বরে শেষ হওয়া প্রান্তিকে বিক্রি বেড়েছে ২ দশমিক ৫ শতাংশ। এ বাবদ কোম্পানিগুলো আয় করেছে ৩৯৮ ট্রিলিয়ন ইয়েন। এতে ভূমিকা রেখেছে পরিষেবা ও নির্মাণ খাতের উচ্চ মূল্য।