চীনে বিক্রি বাড়াতে সাশ্রয়ী প্লাগ-ইন হাইব্রিড গাড়ির দিকে ঝুঁকছে জাপানের নিশান মোটর। স্থানীয়ভাবে উন্নয়ন করা নতুন এন৬ মডেলের প্রি-অর্ডার চালু করেছে কোম্পানিটি। ডিসেম্বরের প্রথম দিকে বিক্রি শুরু হবে। দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯ হাজার ৯০০ ইউয়ান (১৫ হাজার ৪০০ ডলার)। মূলত চীনা ক্রেতাদের লক্ষ্য করে উন্মোচন করা মডেলটির দাম নিশানের এন৭-এর চেয়ে ১০ হাজার ইউয়ান কম।
এন৬ মডেলে রয়েছে বিদ্যুচ্চালিত মোটর ও পেট্রল ইঞ্জিন। চীনের লাইট-ডিউটি ভেহিকল টেস্ট স্ট্যান্ডার্ড অনুযায়ী শুধু ইলেকট্রিক মোডে এটি চলতে পারে ১৮০ কিলোমিটার। ব্যাটারি ৩০ থেকে ৮০ শতাংশ চার্জ হতে সময় লাগে ১৭ মিনিট। চার্জিং সুবিধা তুলনামূলক কম যেসব এলাকায়, সেখানে মডেলটির চাহিদা বেশি হতে পারে বলে মনে করছে কোম্পানিটি। কারণ চালকদের দ্রুত চার্জ নেয়ার পাশাপাশি প্রয়োজনে পেট্রল ইঞ্জিন ব্যবহার করার সুবিধা রয়েছে।
নিশান ও ডংফেং মোটরের যৌথ উদ্যোগে পরিচালিত ডংফেং নিশান প্যাসেঞ্জার ভেহিকলের ডেপুটি জেনারেল ম্যানেজার ঝাউ ফেং বলেন, ‘এন৬ আমাদের সময়ের উপযোগী গাড়ি। ভালো জীবন গড়তে চেষ্টা করা সবার জন্য এটি উপযুক্ত হবে।’
এন৬ ও এন৭ দুটি মডেলেরই নকশা, প্রযুক্তিগত উন্নয়ন ও সরবরাহ চেইন ব্যবস্থাপনা করেছে ডংফেং নিশান। উভয় মডেলে স্বচালিত প্রযুক্তি সরবরাহ করেছে চীনা স্টার্টআপ মোমেন্টা। স্থানীয় সরবরাহকারীর ওপর নির্ভরতা বাড়ানোয় উৎপাদন ব্যয় কমেছে বলে জানিয়েছে নিশান।
চীনা বাজারে গত কয়েক মাসে নিশানের বিক্রি বাড়ছে। এন৭-এর মাসিক বিক্রি আগস্টে ছাড়িয়েছে ১০ হাজার ইউনিট। এর মধ্য দিয়ে দেশটিতে নিশান এখন টয়োটার পর দ্বিতীয় স্থানে রয়েছে। বৈশ্বিক পুনরুদ্ধারের অংশ হিসেবে চীনে তৈরি মডেল রফতানির পরিকল্পনাও করেছে কোম্পানিটি।
আগামী বছর এন৭ রফতানি শুরু হবে। ২০২৭ সালের মধ্যে ডংফেং নিশানের মাধ্যমে আরো চারটি ইভি ও প্লাগ-ইন হাইব্রিড মডেল আনার পরিকল্পনা রয়েছে নিশানের। কোম্পানিটির জেনারেল ম্যানেজার ইসাও সেকিগুচি বলেন, ‘চীনে আমরা প্রতিযোগিতায় টিকতে না পারলে কোথাও পারব না।’ খবর নিক্কেই এশিয়া ও ছবি নিশান