যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসভিত্তিক খুচরা বিপণন জায়ান্ট টার্গেট ১ হাজার ৮০০ করপোরেট কর্মী ছাঁটাই করছে। এটি গত এক দশকে কোম্পানিটির প্রথম বড় ধরনের ছাঁটাই। টার্গেট বলেছে, চার বছর ধরে পণ্য বিক্রি প্রায় স্থির রয়েছে। এখন কোম্পানিকে ফের প্রবৃদ্ধির ধারায় ফেরাতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। খবর সিএনবিসি।
টার্গেটের নতুন সিইও মাইকেল ফিডেলকের একটি মেমোর মাধ্যমে ছাঁটাইয়ের এ তথ্য জানা যায়। ফিডেলকে আগামী ১ ফেব্রুয়ারি থেকে কোম্পানিটির নেতৃত্ব দেবেন। মেমো অনুযায়ী, এ পদক্ষেপ টার্গেটের করপোরেট কর্মী সংখ্যার প্রায় ৮ শতাংশ কমিয়ে দেবে। ছাঁটাইকৃত কর্মীদের আগামী মঙ্গলবার জানানো হবে।
ফিডেলকে বর্তমানে টার্গেটের চিফ অপারেটিং অফিসার ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। গত মে মাসে চালু হওয়া এন্টারপ্রাইজ অ্যাক্সিলারেশন অফিসও দেখভাল করছেন তিনি। উদ্যোগটির লক্ষ্য কোম্পানির কার্যক্রম সহজ করা, নতুন প্রযুক্তি ব্যবহার ও প্রবৃদ্ধিতে গতি আনা।