জানুয়ারি-অক্টোবর

তুরস্কে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ হয়েছে ১১৬০ কোটি ডলার

চলতি বছরের প্রথম ১০ মাসে তুরস্কে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ (এফডিআই) এসেছে ১ হাজার ১৬০ কোটি ডলার। এ সময়ে আগের বছরের একই সময়ের তুলনায় এফডিআই প্রবাহ বেড়েছে ৩৫ শতাংশ।

চলতি বছরের প্রথম ১০ মাসে তুরস্কে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ (এফডিআই) এসেছে ১ হাজার ১৬০ কোটি ডলার। এ সময়ে আগের বছরের একই সময়ের তুলনায় এফডিআই প্রবাহ বেড়েছে ৩৫ শতাংশ। ২০০২ সাল থেকে এখন পর্যন্ত তুরস্কে মোট বিদেশী বিনিয়োগের পরিমাণ ছাড়িয়েছে ২৮ হাজার ৫০০ কোটি ডলার। ইন্টারন্যাশনাল ইনভেস্টরস অ্যাসোসিয়েশন শুক্রবার এসব তথ্য জানিয়েছে। খবর আনাদোলু।

দেশটিতে শুধু অক্টোবরে এফডিআই প্রবাহ ছিল ১২ কোটি ৮০ লাখ ডলার। ওই মাসে মোট ৫৬ কোটি ৭০ লাখ ডলারের ইকুইটি মূলধন বিনিয়োগ হয়। এর মধ্যে ২৪ কোটি ডলার এসেছে বিদেশীদের কাছে রিয়েল এস্টেট বিক্রির মাধ্যমে। তবে একই সময়ে বিনিয়োগ প্রত্যাহার ও ঋণভিত্তিক লেনদেন কমে যাওয়ায় মোট এফডিআই প্রবাহ যথাক্রমে ৬০ কোটি ৬০ লাখ ও ৭ কোটি ৩০ লাখ ডলার কমেছে বলে জানিয়েছে সংস্থাটি।

অক্টোবরে তুরস্কে আসা মোট বিদেশী বিনিয়োগের ৮২ শতাংশ এসেছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে। এর মধ্যে ফ্রান্সের হিস্যা ছিল ৩৫ শতাংশ। এরপর নেদারল্যান্ডস ১৬ শতাংশ, জার্মানি ১০, বেলজিয়াম ৯ ও সুইজারল্যান্ড ৫ শতাংশ হিস্যায় বিনিয়োগ করেছে।

প্রথম ১০ মাসে সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে নেদারল্যান্ডস থেকে। দেশটির বিনিয়োগের পরিমাণ ২৮০ কোটি ডলার। কাজাখস্তান ও লুক্সেমবার্গ থেকে বিনিয়োগ এসেছে ১১০ কোটি ডলার করে।

খাতভিত্তিক হিসাবে অক্টোবরে পরিবহন ও সংরক্ষণ খাতে বিনিয়োগ হয়েছে ১৯ কোটি ৯০ লাখ ডলার। এর পরের অবস্থানে রয়েছে পাইকারি ও খুচরা বাণিজ্য এবং বিদ্যুৎ, গ্যাস ও বায়ু নিয়ন্ত্রণ উৎপাদন ও বিতরণ খাত। প্রথম ১০ মাসে সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে পাইকারি ও খুচরা বাণিজ্য খাতে। এরপর খাদ্য উৎপাদন এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে উল্লেখযোগ্য বিনিয়োগ হয়েছে। পাইকারি ও খুচরা বাণিজ্য খাতের হিস্যা ছিল ১৮ শতাংশ। আর বিদ্যুৎ, গ্যাস, বাষ্প ও শীতাতপ নিয়ন্ত্রণ উৎপাদন ও বিতরণ খাতের হিস্যা ৯ শতাংশ।

আরও