বিদেশে গাড়ি কারখানার অনুমোদনে সময় নিচ্ছে চীন

লাতিন আমেরিকায় গাড়ি উৎপাদনের জন্য বিওয়াইডি ও গিলির মতো শীর্ষ কোম্পানিকে অনুমোদন দিতে দেরি করছে চীন।

লাতিন আমেরিকায় গাড়ি উৎপাদনের জন্য বিওয়াইডি ও গিলির মতো শীর্ষ কোম্পানিকে অনুমোদন দিতে দেরি করছে চীন। বিষয়টি অবগত এমন দুটি সূত্রের বরাতে খবর প্রকাশ করেছে রয়টার্স। মার্কিন শুল্ক বাণিজ্য ও অর্থনৈতিক অনিশ্চয়তাকে বাড়িয়ে তোলার কারণে এ বিলম্ব বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মেক্সিকোয় কাজ করছেন বিওয়াইডির এমন একজন নির্বাহী গত বছরের ফেব্রুয়ারিতে জানান, প্রতিষ্ঠানটি দেশটিতে একটি বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) প্লান্ট স্থাপনের কথা বিবেচনা করছে। কারখানাটির অবস্থান কোথায় হবে বছরের শেষ নাগাদ সেটাও নিশ্চিত করেছিল বিওয়াইডি। এছাড়া গত ফেব্রুয়ারিতে গিলি জানিয়েছে, কম কার্বন নিঃসরণক্ষম যানবাহন উৎপাদনে সহযোগিতা করার জন্য ব্রাজিলে রেনোঁর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।

কিন্তু উভয় প্রকল্পের অনুমোদনে প্রয়োজনের চেয়ে বেশি সময় নিচ্ছে বেইজিং। এ বিষয়ে চীনা কর্মকর্তারা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান দুটিকে সতর্ক করে বলেছেন, প্রকল্পগুলো প্রযুক্তি হস্তান্তরের ঝুঁকি তৈরি করবে।

এছাড়া দেশটির অটোমোটিভ খাতের সংগঠন গাড়ি নির্মাতাদের সঙ্গে পৃথক আলোচনায় সতর্ক করে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ বিশ্ব বাণিজ্য ও অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি করবে। ফলে তাদের বিনিয়োগের ঝুঁকি ও মুনাফা জটিল করে তুলবে।

এ পরিস্থিতিতে প্রতিষ্ঠান দুটির কর্তৃপক্ষ বিদেশে বিনিয়োগের বিষয়ে আরো সতর্ক হয়ে উঠেছে। সেই সঙ্গে চুক্তি পর্যালোচনার সময়সীমা বাড়ানো হয়েছে।

তবে এক বিবৃতিতে গিলি জানিয়েছে, ব্রাজিলে রেনোঁর সঙ্গে তাদের সহযোগিতা সফল হয়েছে। কোনো বিলম্ব বা অতিরিক্ত যাচাই-বাছাই ছাড়াই চুক্তি স্বাক্ষরের মাত্র ৫২ দিন পরে স্থানীয়ভাবে তাদের ইভি প্লান্ট চালু হয়েছে।

আরও