পারস্পরিক সহযোগিতা বাড়াতে পাকিস্তান ও শ্রীলংকার স্টক এক্সচেঞ্জের সঙ্গে ডিএসইর চুক্তি

দক্ষিণ এশিয়ার স্টক এক্সচেঞ্জগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার জন্য একটি কার্যকরী পদক্ষেপ হিসেবে সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), পাকিস্তান স্টক এক্সচেঞ্জ (পিএসএক্স), ও কলম্বো স্টক এক্সচেঞ্জের (সিএসই) মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।

দক্ষিণ এশিয়ার স্টক এক্সচেঞ্জগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করার জন্য একটি কার্যকরী পদক্ষেপ হিসেবে সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), পাকিস্তান স্টক এক্সচেঞ্জ (পিএসএক্স), ও কলম্বো স্টক এক্সচেঞ্জের (সিএসই) মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। কলম্বোয় অনুষ্ঠিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম, সিএসইর চেয়ারম্যান দিলশান উইরসেকারা, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অব পাকিস্তানের চেয়ারম্যান আকিফ সাইদসহ এক্সচেঞ্জগুলোর পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। সমঝোতা স্মারকে তিন দেশের স্টক এক্সচেঞ্জগুলোর ডিজিটাল রূপান্তরে যৌথ উদ্যোগ গ্রহণ, নতুন আর্থিক পণ্য ও বাজার উন্নয়নে এক্সচেঞ্জগুলোর পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়, বাজার তদারকি এবং বিনিয়োগকারীদের সুরক্ষা কাঠামোর সমন্বয়, মানবসম্পদ উন্নয়নে যৌথ উদ্যোগ, আন্তঃএক্সচেঞ্জ প্রশিক্ষণ কর্মসূচি ও নলেজ শেয়ারিং উদ্যোগগুলো সংগঠিত করার বিষয়ে সহযোগিতার অঙ্গীকার করা হয়েছে। এ সমঝোতা স্মারকের দীর্ঘমেয়াদি লক্ষ্য হচ্ছে বিনিয়োগকারীদের প্রবেশাধিকার সম্প্রসারণের জন্য আন্তঃসীমান্ত তালিকাভুক্তির সুযোগ অনুসন্ধান করা, ব্রোকার অংশীদারত্ব এবং প্রাতিষ্ঠানিক সংযোগের সুবিধা দেয়া।

এ বিষয়ে ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, ‘আকারে ছোট হওয়ায় দক্ষিণ এশিয়ায় ভারত ছাড়া অন্যান্য দেশের স্টক এক্সচেঞ্জগুলোর প্রযুক্তিগত ও প্রক্রিয়াগত সীমাবদ্ধতা রয়েছে। সম্পদের সীমাবদ্ধতার কারণে এসব অত্যন্ত সম্ভাবনাময় স্টক এক্সচেঞ্জ কাঙ্ক্ষিত সক্ষমতা অর্জনে ব্যর্থ হচ্ছে। সম্পদ ও অভিজ্ঞতার পারস্পরিক বিনিময় এবং প্রযুক্তিগত যৌথ বিনিয়োগের মাধ্যমে আমাদের স্টক এক্সচেঞ্জগুলো নিজ নিজ দেশে দক্ষ ও শক্তিশালী পুঁজিবাজার গঠনে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে। একসঙ্গে কাজ করে আমরা আমাদের আর্থিক ইকোসিস্টেমে সমৃদ্ধি ও উদ্ভাবনের সুযোগ উন্মুক্ত করতে পারব, যা বিনিয়োগকারী ও অংশীদারদের জন্য সুফল বয়ে আনবে। পরে ডিএসইর প্রতিনিধিরা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অব পাকিস্তানের চেয়ারম্যান, কমিশনার, পাকিস্তান স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা, সেন্ট্রাল ডিপোজিটরি সিস্টেমের সিইও, সেন্ট্রাল কাউন্টার পার্টির সিইও, কলম্বো স্টক এক্সচেঞ্জের সিইও, সিআরও ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাদা বৈঠক করেন। বৈঠকে ডিএসইর চেয়ারম্যান এক্সচেঞ্জটির বর্তমান কার্যক্রম, রিজিওনাল পণ্যের বাজার উন্নয়ন, প্রয়োজনীয় প্রযুক্তি নিজস্বভাবে তৈরি, অভিজ্ঞতা বিনিময় ও মানবসম্পদ উন্নয়নে পারস্পরিক সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করেন। শ্রীলংকার কলম্বোয় অনুষ্ঠিত রোড শোতে ডিএসইর প্রতিনিধি দলের মধ্যে এক্সচেঞ্জটির পরিচালক মো. শাকিল রিজভী, মিনহাজ মান্নান ইমন ও রিচার্ড ডি’রোজারিও এবং মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান উপস্থিত ছিলেন।

আরও