বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

বাগবাড়ীর গাবতলীতে সরকারি শহীদ জিয়া ডিগ্রি কলেজে কৃষি উপকরণ বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিতে বগুড়ার বাগবাড়ী, পদ্মপাড়া ও মহাস্থানগড় এলাকায় সম্প্রতি তিন হাজার প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে এনসিসি ব্যাংক পিএলসি। কৃষি উপকরণের মধ্যে রয়েছে বিভিন্ন জাতের সবজি ও সরিষার বীজ, সার ও কীটনাশক। ব্যাংকের বিশেষ সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় এ উদ্যোগ নেয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাগবাড়ীর গাবতলীতে সরকারি শহীদ জিয়া ডিগ্রি কলেজে কৃষি উপকরণ বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন। সম্মানিত অতিথি ছিলেন এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ সেলিম। বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আবদুস সালাম, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সোহেল মো. শামসুদ্দিন ফিরোজ এবং গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান।

অনুষ্ঠানে সংসদ সদস্য মোরশেদ মিলটন বলেন, ‘কৃষি উপকরণ ও প্রয়োজনীয় সহায়তা দিয়ে প্রান্তিক কৃষকদের উৎপাদন সক্ষমতা বাড়ানোর এ উদ্যোগ স্থানীয় কৃষি ও খাদ্য উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখবে।’ কৃষকদের কল্যাণে উদ্যোগটির ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি এনসিসি ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ সেলিম বলেন, ‘এনসিসি ব্যাংক কেবল মুনাফা অর্জনের জন্য কাজ করে না; বরং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।’ ভবিষ্যতে অন্য জেলাগুলোয় প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণসহ উৎপাদিত পণ্য সংরক্ষণের সুবিধা বৃদ্ধি এবং আধুনিক কৃষিপ্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে সহায়তার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম শামসুল আরেফিন বলেন, ‘সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ এলাকার প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে। আমরা আশা করি, এ উদ্যোগ বগুড়া অঞ্চলের কৃষকদের সরিষা ও সবজি চাষে আরো উৎসাহিত করবে, উৎপাদন ব্যয় কমাতে সহায়তা করবে এবং সামগ্রিক কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক অবদান রাখবে।’

এদিকে পদ্মপাড়া হাফিজিয়া মাদরাসা ও কারিগরি এতিমখানা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষি উপকরণ বিতরণ করেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. হেলালুজ্জামান তালুকদার লালু। এছাড়া মহাস্থান শাহ সুলতান বলখী ফাজিল মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন।

আরও