এদিন প্রধান পুঁজিবাজার ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স দশমিক ৭৮ শতাংশ বেড়েছে। বিনিয়োগকারীদের শেয়ার কেনার চাপে গতকাল পুঁজিবাজারের লেনদেন ১ হাজার কোটি টাকা ছাড়িয়েছে, যা দুই মাসের মধ্যে সর্বোচ্চ। দেশের আরেক পুঁজিবাজার সিএসইতে গতকাল সূচকে ঊর্ধ্বমুখিতা দেখা গেলেও লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেনের শুরু থেকেই শেয়ার কেনার চাপে ঊর্ধ্বমুখী ছিল সূচক। দিনশেষে ডিএসইএক্স সূচক ৪১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ২৫৭ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ২০ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৯৮৪ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৬৩ পয়েন্ট। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও প্রাইম ব্যাংকের শেয়ার।
ডিএসইতে গতকাল ১ হাজার ৫৬ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৯২৯ কোটি টাকা। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি ডিএসইতে ১ হাজার ২২২ কোটি টাকার লেনদেন হয়েছিল। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৯১টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ২১৩টির, কমেছে ১২১টির ও দর অপরিবর্তিত ছিল ৫৭টির।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৭ দশমিক ৩ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে প্রকৌশল খাত। ১৩ দশমিক ৯ শতাংশ দখলে নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে বস্ত্র খাত। সাধারণ বীমা খাত ১৩ দশমিক ৫ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার তৃতীয় অবস্থানে ছিল। ১০ দশমিক ৮ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ স্থানে ছিল ব্যাংক খাত। আর পঞ্চম অবস্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতের দখলে ছিল লেনদেনের ৮ দশমিক ৪ শতাংশ।
গতকাল ডিএসইতে বেশিরভাগ খাতের শেয়ারে ইতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ২ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে আর্থিক প্রতিষ্ঠান খাতে। এছাড়া ব্যাংক খাতে ১ দশমিক ৭ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে।
সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৩৭ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই এদিন ৬০ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ৯১টির ও দর অপরিবর্তিত ছিল ২৯টির। গতকাল সিএসইতে ১৭ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৩৩ কোটি টাকা।