এক-তৃতীয়াংশ কর্মী ছাঁটাই করছে ওয়াশিংটন পোস্ট

কর্মীদের এক-তৃতীয়াংশ ছাঁটাই করেছে মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট।

কর্মীদের এক-তৃতীয়াংশ ছাঁটাই করেছে মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট। এর আওতায় পড়বে ক্রীড়া বিভাগ, কয়েকটি বিদেশী সংবাদকেন্দ্র ও বই সম্পর্কিত কভারেজ। সংবাদমাধ্যম খাতে কিংবদন্তি এ ব্র্যান্ডে ব্যাপক ছাঁটাইকে সাংবাদিকতার জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। খবর এপি।

ওয়াশিংটন পোস্টের নির্বাহী সম্পাদক ম্যাট মারে পদক্ষেপটিকে ‘কষ্টদায়ক কিন্তু প্রয়োজনীয়’ হিসেবে বর্ণনা করেছেন। তার মতে, এর মাধ্যমে সংবাদমাধ্যমটি আরো শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াতে পারবে এবং প্রযুক্তি ও ব্যবহারকারীর অভ্যাসের পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে।

কোম্পানির এক অনলাইন বৈঠকে পরিবর্তনগুলো ব্যাখ্যা করেন ম্যাট মারে। এরপর কর্মীরা ছাঁটাইসংক্রান্ত ই-মেইল পান।

ওয়াশিংটন পোস্টে ছাঁটাইসংক্রান্ত গুজব কয়েক সপ্তাহ ধরে শোনা যাচ্ছিল। এ সময় জানা যায়, শীতকালীন অলিম্পিক উপলক্ষে ইতালিতে পূর্ব নির্ধারিত ক্রীড়া সাংবাদিক পাঠাচ্ছে না সংবাদমাধ্যমটি। কিন্তু আনুষ্ঠানিক ঘোষণায় জানা গেল, ছাঁটাইয়ের আকার ও ব্যাপ্তি আরো চমকপ্রদ, যা প্রায় সব বিভাগকে প্রভাবিত করবে।

কলম্বিয়া ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এবং ওয়াশিংটন পোস্ট ও নিউইয়র্ক টাইমসের সাবেক মিডিয়া কলামিস্ট মার্গারেট সুলিভান বলেন, ‘যারা যুক্তরাষ্ট্র ও বিশ্বের সাংবাদিকতা নিয়ে ভাবেন, তাদের জন্য এটা খুবই খারাপ খবর। সংবাদ, ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ওয়াশিংটন পোস্ট।’

বর্তমানে জেফ বেজোসের অধীনে পরিচালিত হচ্ছে ওয়াশিংটন পোস্ট। এ ধনকুবেরের পরিচালনায় প্রথম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মার্টিন বারন। সাবেক বসের সিদ্ধান্তের প্রতি নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘কীভাবে নিজেরাই একটি ব্র্যান্ডকে দ্রুত ধ্বংস করে, তার উদাহরণ ওয়াশিংটন পোস্ট।’

ছাঁটাই রোধে কয়েক সপ্তাহ ধরে জেফ বেজোসের হস্তক্ষেপ আশা করছিলেন সাংবাদিকরা। কিন্তু তাদের আবেদন অগ্রাহ্য করে নীরব রয়েছেন তিনি। এ বিষয়ে জেফ বেজোসের কোনো মন্তব্যও পাওয়া যায়নি।

ওয়াশিংটন পোস্ট সাম্প্রতিক সময়ে ব্যাপকভাবে গ্রাহক হারিয়েছে। তার অন্যতম কারণ হলো জেফ বেজোসের কিছু সিদ্ধান্ত। ২০২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করেন তিনি, এমনকি উদার দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত মতামত পাতাও রক্ষণশীল হয়ে ওঠে।

প্রাইভেট কোম্পানি হওয়ায় ওয়াশিংটন পোস্ট গ্রাহক সংখ্যা প্রকাশ করে না। ধারণা করা হচ্ছে, এর আকার প্রায় ২০ লাখ। কর্মী সংখ্যা প্রকাশ না করায় কতজন ছাঁটাই হয়েছেন, তাও জানা যায়নি।

ওয়াশিংটন পোস্টের সমস্যার তুলনায় দীর্ঘকালীন প্রতিদ্বন্দ্বী নিউইয়র্ক টাইমস সাম্প্রতিক বছরগুলোয় বেশ সাফল্য দেখিয়ে আসছে। এর কারণ হলো সহায়ক কিছু পণ্যে বিনিয়োগ। সর্বশেষ দশকে কর্মী সংখ্যা দ্বিগুণ করেছে টাইমস।

আরও