চলতি ২০২৪-২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) ৩৯৮ কোটি ২২ লাখ টাকা কর-পরবর্তী নিট মুনাফা করেছে রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ সঞ্চালন কোম্পানি পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা ছিল ৮১ কোটি ৬৯ লাখ টাকা। কোম্পানিটির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির আয় হয়েছে ৬৭৮ কোটি ৬২ লাখ টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৫৯২ কোটি ৬৮ লাখ টাকা। চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৩৬ পয়সা, আগের হিসাব বছরের যা ছিল ১ টাকা ১৫ পয়সা। গত ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪১ টাকা ৬৬ পয়সায়।
চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির আয় হয়েছে ১ হাজার ৫২৬ কোটি ২৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ হাজার ৩৪৯ কোটি ৮৩ লাখ টাকা। চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৪১ কোটি ৬৮ লাখ টাকা। আগের হিসাব লোকসান ছিল ১৯ কোটি ৩৭ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৫৫ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে লোকসান ছিল ২৭ পয়সা।
সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১০ টাকা ১১ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩২ টাকা ৬১ পয়সায়।
পাওয়ার গ্রিড দেশের পুঁজিবাজার তালিকাভুক্ত হয় ২০০৬ সালে। বর্তমানে কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৫ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৯১৩ কোটি ৮০ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১০৪ কোটি ৫২ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৯১ কোটি ৩৮ লাখ ০৬ হাজার ৯৯১। এর মধ্যে ৫৮ দশমিক ৫০ শতাংশ উদ্যোক্তা পরিচালকদের কাছে, ২২ শতাংশ সরকার, ১৪ দশমিক ৫৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক শূন্য ১ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৪ দশমিক ৯৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে।
ডিএসইতে গতকাল পাওয়ার গ্রিডের শেয়ারের সমাপনী দর ছিল ৩২ টাকা। গত এক বছরে শেয়ারটির দর ৩০ টাকা ১০ পয়সা থেকে ৫৩ টাকার মধ্যে ওঠানামা করেছে।