অর্থবছরের প্রথম আট মাস

ভারতে কয়লা উত্তোলন বেড়েছে প্রায় ৩৫ শতাংশ

ভারতের শিল্প খাতের অধীন এবং বাণিজ্যিক কয়লা খনি থেকে উত্তোলন ও সরবরাহ চলতি অর্থবছরের প্রথম আট মাসে উল্লেখযোগ্য হারে বেড়েছে।

ভারতের শিল্প খাতের অধীন এবং বাণিজ্যিক কয়লা খনি থেকে উত্তোলন ও সরবরাহ চলতি অর্থবছরের প্রথম আট মাসে উল্লেখযোগ্য হারে বেড়েছে। এপ্রিলে শুরু হওয়া অর্থবছরে নভেম্বর পর্যন্ত কয়লা উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ১১ কোটি ২৬ লাখ ৫০ হাজার টন, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৪ দশমিক ৭ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরের এপ্রিল-নভেম্বর পর্যন্ত দেশটিতে ৮ কোটি ৩৬ লাখ টন কয়লা উত্তোলন করা হয়েছিল। ভারতের কয়লা মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর হেলেনিক শিপিং নিউজ।

প্রতিবেদনে দেখা যায়, শুধু নভেম্বরে এসব খনি থেকে ১ কোটি ৬৭ লাখ ৪৩ হাজার টন কয়লা উত্তোলন হয়েছে। এ সময় দৈনিক গড় উত্তোলনের পরিমাণ ছিল ৫ লাখ ৫৮ হাজার টন, যা গত অর্থবছরের একই মাসের তুলনায় ৪০ দশমিক ৯ শতাংশ বেশি। ২০২৩ সালের নভেম্বরে দৈনিক গড়ে ৩ লাখ ৯৬ হাজার টন কয়লা উত্তোলন হয়েছিল।

অধীনস্থ ও বাণিজ্যিক খনি থেকে বিদ্যুৎসহ অন্যান্য শিল্প খাতে কয়লা সরবরাহও উল্লেখযোগ্য হারে বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম আট মাসে মোট ১১ কোটি ৯৬ লাখ ২০ হাজার টন কয়লা সরবরাহ করা হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৮ কোটি ৯৩ লাখ ২০ হাজার টন। এ হিসাবে সরবরাহ বেড়েছে ৩৩ দশমিক ৯ শতাংশ।

অন্যদিকে শুধু নভেম্বরে মোট ১ কোটি ৬১ লাখ ৯ হাজার টন কয়লা সরবরাহ হয়েছে। এ সময় দৈনিক গড় সরবরাহ ছিল ৫ লাখ ৩৭ হাজার টন, যা ২০২৩ সালের একই সময়ের তুলনায় ২৭ দশমিক ৬ শতাংশ বেশি। গত অর্থবছরের নভেম্বরে দৈনিক গড়ে ৪ লাখ ২১ হাজার টন কয়লা সরবরাহ করা হয়েছিল।

আরও