বর্তমান অন্তর্বর্তী সরকার দেশীয় শিল্পের বিকাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। গাজীপুরের টঙ্গীতে এটলাস বাংলাদেশ লিমিটেডের (এবিএল) কারখানা প্রাঙ্গণে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবিএলের নিজস্ব ব্র্যান্ড ‘এটলাস ইভি’ নামে পরিবেশবান্ধব ইলেকট্রিক মোটরসাইকেল বাজারজাত কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘এটলাস বাংলাদেশের মতো একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের এ উদ্যোগ, ইলেকট্রিক ভেহিকল-সংক্রান্ত জাতীয় নীতি বাস্তবায়নে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। এটি কেবল কার্বন নিঃসরণ হ্রাস ও জীবাশ্ম জ্বালানির পেছনে ব্যয় হওয়া বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে তা-ই নয়, বরং এটি সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত ও পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা পৌঁছে দেবে।’
অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, বিএসইসির চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল আলম, এটলাস বাংলাদেশের স্বতন্ত্র পরিচালক ড. মিজানুল হক, আরএস গোল্ড প্রাইভেট লিমিটেডের পরিচালক মুছরে আলম ইরাজ, এটলাস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় বিএসইসি ও এবিএলের পরিচালক, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকসহ সারা দেশের ডিলাররা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চীনের ঝেজিয়াং লুয়ান ইলেকট্রিক ভেহিকল কোম্পানি লিমিটেডের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নের অংশ হিসেবে ইলেকট্রিক মোটরসাইকেল বাজারজাত শুরু করেছে এটলাস বাংলাদেশ।