ইউএসডিএর প্রতিবেদন

২০২৫-২৬ মৌসুমে বাড়তে পারে বিশ্বব্যাপী তুলা উৎপাদন ব্যবহার ও বাণিজ্য

বিশ্বব্যাপী ২০২৫-২৬ মৌসুমে তুলা উৎপাদন, ব্যবহার ও বাণিজ্য বাড়তে পারে।

বিশ্বব্যাপী ২০২৫-২৬ মৌসুমে তুলা উৎপাদন, ব্যবহার ও বাণিজ্য বাড়তে পারে। তবে এ সময় কমতে পারে পণ্যটির প্রারম্ভিক ও সমাপনী মজুদ। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) বৈশ্বিক সরবরাহ ও চাহিদা প্রাক্কলন (ডব্লিউএএসডিই) শীর্ষক প্রতিবেদনের সেপ্টেম্বর সংস্করণে এ তথ্য জানানো হয়েছে। খবর ফাইবার টু ফ্যাশন।

প্রতিবেদন অনুযায়ী, চীন, ভারত ও অস্ট্রেলিয়ায় তুলা উৎপাদন বাড়ায় তুরস্ক, মেক্সিকো ও পশ্চিম আফ্রিকার কিছু দেশের উৎপাদন হ্রাসের প্রভাব কাটিয়ে ওঠা সম্ভব হবে। এ সময় বিশ্বব্যাপী পণ্যটির মোট উৎপাদন দাঁড়াতে পারে ১১ কোটি ৭৬ লাখ ৮০ হাজার বেলে (প্রতি বেলে ৪৮০ পাউন্ড বা ২১৭ দশমিক ৭ কেজি)। এটি আগে দেয়া প্রাক্কলনের তুলনায় প্রায় ১০ লাখ বেল বেশি।

২০২৫-২৬ মৌসুমে বিশ্বব্যাপী তুলার ব্যবহার নিয়ে ইউএসডিএর দেয়া পূর্বাভাসও প্রায় ৮৫ হাজার বেল বাড়ানো হয়েছে। এ সময় বৈশ্বিক ব্যবহার দাঁড়াতে পারে ১১ কোটি ৮৮ লাখ ৩০ হাজার বেলে। এটি আগে দেয়া পূর্বাভাস ১১ কোটি ৭৯ লাখ ৯০ হাজার বেলের তুলনায় বেশি।

খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, ২০২৫-২৬ মৌসুমে বিশ্বব্যাপী তুলা ব্যবহার বাড়ার মূল কারণ চীন ও ভিয়েতনামে বস্ত্র এবং গার্মেন্টস শিল্পের শক্তিশালী চাহিদা। করোনা-পরবর্তী সময়ে পুনরুদ্ধার ও বিশ্ববাজারে রফতানি পুনরায় বেড়ে ওঠায় তুলার চাহিদা আরো বাড়ছে। যদিও সামনের দিনগুলোয় তুরস্কের ব্যবহার কিছুটা কমার পূর্বাভাস রয়েছে।

ইউএসডিএ বিশ্বব্যাপী তুলার আমদানি-রফতানিও বাড়ার পূর্বাভাস দিয়েছে। ভারত ও অস্ট্রেলিয়ার রফতানি বৃদ্ধি পশ্চিম আফ্রিকার কিছু দেশের রফতানি হ্রাসের প্রভাবকে সামাল দেবে। ২০২৫-২৬ মৌসুমে বিশ্বব্যাপী তুলা রফতানির পরিমাণ হতে পারে ৪ কোটি ৩৭ লাখ বেল, যা আগে দেয়া পূর্বাভাসে ছিল ৪ কোটি ৩৫ লাখ ৯০ হাজার বেল।

২০২৫-২৬ মৌসুমের প্রারম্ভিক মজুদ প্রায় ১০ লাখ বেল কমে ৭ কোটি ৪০ লাখ ৬০ হাজার বেলে নেমে যেতে পারে। সংশ্লিষ্টরা ধারণা করছেন, ২০২৪-২৫ মৌসুমে চীনের বেশি ব্যবহারের কারণে এমন পরিwস্থতি তৈরি হবে। এর প্রভাবে তুলার সমাপনী মজুদও কমে ৭ কোটি ৩১ লাখ ৪০ হাজার বেলে নেমে আসতে পারে, যা চার বছরের মধ্যে সর্বনিম্ন।

এদিকে যুক্তরাষ্ট্রে তুলা উৎপাদন কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে মার্কিন কৃষি বিভাগ। তবে এ সময়ের রফতানি, ব্যবহার, আমদানি বা সমাপনী মজুদ সম্পর্কিত প্রাক্কলন অপরিবর্তিত রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রে ২০২৫-২৬ মৌসুমে তুলা উৎপাদন হতে পারে ১ কোটি ৩২ লাখ বেল। এটি আগে দেয়া পূর্বাভাসের তুলনায় ১০ হাজার বেল বেশি। দেশটিতে এ সময় তুলার গড় ফলন হেক্টরপ্রতি ১ পাউন্ড কমে ৮৬১ পাউন্ড হতে পারে।

আরও