রফতানি হ্রাস ও মজুদ বাড়ার খবরে মালয়েশিয়ার বাজারে পাম অয়েলের দাম আবারো কমেছে। বুর্সা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে গতকাল ডিসেম্বরে সরবরাহ চুক্তিতে পাম অয়েলের দাম টনপ্রতি ২১ রিঙ্গিত বা দশমিক ৪৬ শতাংশ কমে ৪ হাজার ৫৩৩ রিঙ্গিতে নেমেছে। এটি গত ১০ জুলাইয়ের পর সর্বনিম্ন সমাপনী দর। সব মিলিয়ে সাপ্তাহিক দাম কমেছে ২ দশমিক ৯৮ শতাংশ।
কার্গো পরিদর্শক সংস্থাগুলোর তথ্যানুযায়ী, সেপ্টেম্বরে মালয়েশিয়ার পাম অয়েল রফতানি আগের মাসের চেয়ে ১৭ দশমিক ১ থেকে ২৮ দশমিক ৮ শতাংশ পর্যন্ত কমেছে। বাজার বিশ্লেষকরা জানান, দুর্বল রফতানি ও বর্ধিত উৎপাদনের কারণে তৈরি হওয়া অতিরিক্ত মজুদের চাপ বাজারে পাম অয়েলের দাম কমাচ্ছে।