ঝুঁকিপূর্ণ করপোরেট বন্ড থেকে মুনাফা সাম্প্রতিক বছরগুলোয় ক্রমবর্ধমান হারে বাড়ছে। লাভজনক এ প্রবণতার মাঝেই বড় বিনিয়োগকারীদের উল্লেখযোগ্য একটি অংশ নিজেদের পোর্টফোলিও থেকে ঝুঁকিপূর্ণ করপোরেট ঋণে বিনিয়োগ কমানো শুরু করেছে। বাজারের গতি-প্রকৃতি বিশ্লেষণ করে বেশকিছু ঝুঁকিপূর্ণ করপোরেট সম্পদ বা বন্ডকে অতিমূল্যায়িত হিসেবে অভিহিত করছেন অনেক বিশেষজ্ঞ। ব্যবসায়ীরাও মনে করছেন, বছরের পর বছর বাজার এতটাই সম্প্রসারণ হয়েছে যে বৈশ্বিক অর্থনীতি দুর্বল হয়ে পড়লে বিক্রয়চাপ বেড়ে বাজারে ধস নামার জোর আশঙ্কা দেখা দিতে পারে। খবর এফটি।
যুক্তরাষ্ট্রে ক্রেডিট স্প্রেডের বড় হ্রাসের কারণে বিনিয়োগকারীরা অতিরিক্ত ঝুঁকি নেয়ার জন্য এখন খুব কম রিটার্ন পাচ্ছেন। ক্রেডিট স্প্রেড হলো করপোরেট বা ঝুঁকিপূর্ণ বন্ডের সুদহার ও সরকারি (নিরাপদ) ঋণের সুদহারের মধ্যে পার্থক্য। প্রতিবেদন অনুসারে বিষয়গুলো বিবেচনায় নিয়ে ব্ল্যাকরক, এমঅ্যান্ডজি ও ফিডেলিটি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সম্পদ ব্যবস্থাপনা সংস্থা এখন নিরাপদ করপোরেট বা সরকারি বন্ডের দিকে ঝুঁকছে।
এপ্রিল থেকে একাধিক দফায় বাণিজ্যযুদ্ধের অবতারণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা সময় সময় নতুন আকার নিচ্ছে। এতে নীতিনির্ধারণী প্রক্রিয়াও হয়ে উঠেছে অনিশ্চিত। তা সত্ত্বেও বাজারে বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের আশঙ্কা কম অনুভূত হচ্ছে। একই সঙ্গে গত মাসে প্রত্যাশানুযায়ী সুদহার কমিয়েছে মার্কিন ফেডারেল রিজার্ভ (ফেড)। এ দুই বিষয় ক্রেডিট মার্কেটকে অনেক বেশি আশাবাদী করে তোলায় অনেকেই মনে করছেন ঝুঁকির মাত্রা কম। কিন্তু কিছু বিশ্লেষক বলছেন, প্রত্যাশা সবসময় বাস্তবের সঙ্গে নাও মিলতে পারে।
এ বিষয়ে ফিডেলিটি ইন্টারন্যাশনালের ফান্ড ম্যানেজার মাইক রিডেল বলেন, ‘ক্রেডিট স্প্রেড এখন এতটা সংকীর্ণ যে এতে বিদ্যমান ব্যবধান আর সংকুচিত হতে পারবে না। যদি বৈশ্বিক পরিস্থিতির কোনো নেতিবাচক পরিবর্তন ঘটে, তাহলে স্প্রেড উল্লেখযোগ্যভাবে প্রশস্ত হতে পারে।’
গ্লোবাল ফ্লেক্সিবল বন্ড ফান্ডে উন্নত দেশগুলোর ক্রেডিটের বিরুদ্ধে শর্ট পজিশন নিয়েছে ফিডেলিটি। অর্থাৎ এমনভাবে বিনিয়োগ করেছে, যাতে বাজারে ঝুঁকির প্রিমিয়াম বেড়ে গেলে সংস্থাটি উপকৃত হয়।
যুক্তরাষ্ট্র ও ইউরোপের ইনভেস্টমেন্ট গ্রেড বন্ড এখন সরকারি ঋণপত্রের তুলনায় প্রায় দশমিক ৮ শতাংশ অতিরিক্ত রিটার্ন দিচ্ছে, যা ২০২২ সালেও ১ দশমিক ৫ শতাংশের বেশি ছিল। সেই সঙ্গে ২০০৭-০৮ সালের বৈশ্বিক অর্থনৈতিক মন্দার পর সবচেয়ে কম।
ব্ল্যাকরকের ইউরোপিয়ান অ্যাকটিভ ফিক্সড ইনকাম বিভাগের কো-হেড সাইমন ব্লান্ডেল বলেন, ‘ক্রেডিট স্প্রেডের এ অবিরাম সংকোচন বিশ্বের বৃহৎ সম্পদ ব্যবস্থাপকদের উচ্চমানের ও স্বল্পমেয়াদি বন্ডের দিকে ধাবিত করেছে। সুদহার কর্তন ও স্থিতিশীল মার্কিন প্রবৃদ্ধির কারণে বাজার এতটাই আশাবাদী যে বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণের তুলনায় নিরাপদ বন্ডে বিনিয়োগ ভালো মনে করছেন।’
আবার ঝুঁকি মূল্যায়নের অন্যতম সূচক হিসেবে বিবেচিত ক্রেডিট স্প্রেড কিছু ক্ষেত্রে ঋণগ্রহীতাদের কাছে নেতিবাচক প্রতীয়মান হচ্ছে। তবে আশাবাদী বিনিয়োগকারীদের মতে, সাম্প্রতিক বছরগুলোয় মার্কিন কোম্পানিগুলোর শক্তিশালী ব্যালান্স শিট ও ফেড সুদহার কমাবে এমন আশা থাকায় স্প্রেড ছোট হলেও বিনিয়োগকারীরা এটি স্বাভাবিক মনে করছে।
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য উত্তেজনা এখন আবারো বাড়ছে। এছাড়া অটোমোটিভ পার্টস সরবরাহকারী ফার্স্ট ব্র্যান্ডস গ্রুপের ধসের কারণে স্প্রেড সামান্য প্রশস্ত হয়েছে।
৬৪০ কোটি ইউরো বাজারমূল্যের এফঅ্যান্ডসি ইনভেস্টমেন্ট ট্রাস্টের ম্যানেজার পল নিভেন জানিয়েছেন, তারা সাম্প্রতিক সপ্তাহগুলোয় বাজারের উত্থান-পতন বিবেচনা করে নিরপেক্ষ অবস্থান ধরে রেখেছে এবং উচ্চ রিটার্নযুক্ত বন্ড বিক্রি করেছেন। কারণ সরকারি বন্ডের তুলনায় ঝুঁকিপূর্ণ বন্ডের খরচ অনেক বেশি হয়ে গেছে।
বাজারে বিনিয়োগকারীদের প্রতিক্রিয়ার কারণে কিছু ঝুঁকিপূর্ণ করপোরেট বন্ড স্থগিত বা কম দামে বিক্রি হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে স্পেশালিটি কেমিক্যালস উৎপাদক নোরিয়নের ৫৮০ কোটি ডলারের লিভারেজড লোন ও ওষুধ প্রস্তুতকারক ম্যালিনক্রটের ১০০ কোটি ডলারের বন্ড স্থগিত হয়েছে। কিছু বিদ্যমান ঋণও নিরাপদ বন্ডে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ার কারণে কম দামে নেমেছে।
এক হাই-ইল্ড ডেট ট্রেডার বলেন, ‘গত এক বা দুই সপ্তাহে বেশ কয়েকটি বড় সমস্যা দেখা দিয়েছে এবং এটি বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসকে ঝাঁকুনি দিয়েছে।’
কিছু হেজ ফান্ড দুর্বল কোম্পানির বন্ডে বিনিয়োগ এড়িয়ে চলছে। কারণ তারা মনে করছেন যে চলতি বছর নির্বিচারে স্প্রেড সংকোচন হয়েছে। এখানে সব কোম্পানিকে নিরাপদ ভেবে নেয়া হলেও কিছু কোম্পানি আসলেই ঝুঁকিপূর্ণ।
লন্ডনভিত্তিক ক্রেডিট হেজ ফান্ড রেডহেজের প্রতিষ্ঠাতা ও সিআইও আন্দ্রেয়া সেমিনারা বলেন, ‘করপোরেট ক্রেডিট মার্কেটে ঝুঁকির প্রিমিয়াম খুবই কম এবং সব কোম্পানির জন্য প্রায় সমানভাবে কম। কিন্তু বাস্তবে প্রতিটি কোম্পানির আলাদা ঝুঁকি আছে, যেগুলো বাজার পুরোপুরি বিবেচনা করছে না।’
অবশ্য সরকারি বন্ডের ইল্ড বাড়ার কারণে অনেকের মতে করপোরেট বন্ডের মোট ইল্ড এখনো আকর্ষণীয়। আইস ইনডেক্স অনুযায়ী যুক্তরাষ্ট্রের ইনভেস্টমেন্ট গ্রেড বন্ডের মেয়াদ শেষ পর্যন্ত রিটার্ন প্রায় ৪ দশমিক ৮ শতাংশ।
এমঅ্যান্ডজি ইনভেস্টমেন্টসের ফান্ড ম্যানেজার বেন লর্ড বলেন, ‘করপোরেট বন্ডের ইল্ড আকর্ষণীয় ও এখন এগুলো রাখা উচিত। তবে আমরা উচ্চমানের করপোরেট ক্রেডিট ও লাইফ ইন্স্যুরারের কভারড বন্ডের দিকে এগোচ্ছি। বিবিবি-রেটেড আনসিকিউরড বন্ড বিক্রি করে এগুলোয় বিনিয়োগের খরচ এত কম কখনো ছিল না।’