মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) তাদের অর্থনৈতিক অঞ্চলগুলোতে দুই লাখ গাছের চারা রোপণ করেছে। পরিবেশ সুরক্ষা ও টেকসই শিল্পায়নের অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে বলে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এমজিআই।
সম্প্রতি কুমিল্লার মেঘনা উপজেলার সোনাচরে অবস্থিত কুমিল্লা ইকোনমিক জোনে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে কোরিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেবিসিসিআই)। কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত কিম জি-জুন এবং কেবিসিসিআই সভাপতি শাহাব উদ্দিন খান। এতে নেতৃত্ব দেন কেবিসিসিআইয়ের উপদেষ্টা এবং এমজিআইয়ের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোস্তফা কামাল।
এ সময় বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সভাপতি রাষ্ট্রদূত ফারুক সোবহানসহ বাংলাদেশে নিযুক্ত কোরিয়া প্রজাতন্ত্রের দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কোরিয়ার ব্যবসায়ী নেতারাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এমজিআই চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, ‘আমাদের কোরিয়ান বন্ধু এবং কেবিসিসিআইয়ের সদস্যদের এখানে পেয়ে আমরা সম্মানিত। সবুজায়নের এ উদ্যোগ বর্তমান সরকারের দেশব্যাপী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখবে। পরিবেশ, দেশ ও দেশের মানুষের প্রতি এমজিআইয়ের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে এমজিআই এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।’
কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন বলেন, ‘এখানে রোপণ করা প্রতিটি গাছ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অঙ্গীকার।’ কেবিসিসিআই সভাপতি শাহাব উদ্দিন খান বলেন, ‘অর্থনৈতিক অগ্রগতি ও পরিবেশ সুরক্ষা পাশাপাশি চলতে হবে।’