দেশের পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে গতকাল সূচকে ঊর্ধ্বমুখিতা দেখা গেছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ১ দশমিক ১৫ শতাংশ বেড়েছে। পাশাপাশি এক্সচেঞ্জটির দৈনিক লেনদেন বেড়েছে ২৫ দশমিক ৬১ শতাংশ। এদিন একটি খাত বাদে সব খাতের শেয়ারেই ইতিবাচক রিটার্ন এসেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেন শুরু থেকেই ঊর্ধ্বমুখী ছিল সূচক। দিনশেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ৫৬ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৪ হাজার ৯০৬ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ১৪ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৮৯৩ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ১১ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ২৮ পয়েন্ট।
গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ইসলামী ব্যাংক, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের শেয়ার।
ডিএসইতে গতকাল ৪৫৮ কোটি ৪ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৩৬৪ কোটি ৬৫ লাখ টাকা। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়ার ৩৮৯টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৩১৭টির, কমেছে ৩৫টির আর দর অপরিবর্তিত ছিল ৩৭টির।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৪ দশমিক ১ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ওষুধ ও রসায়ন খাত। ১৩ শতাংশ দখলে নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রকৌশল খাত। বস্ত্র খাত ১২ দশমিক ৫ শতাংশ লেনদেন নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে ছিল। ১১ দশমিক ২ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ স্থানে ছিল খাদ্য ও আনুষঙ্গিক খাত। আর পঞ্চম অবস্থানে জ্বালানি ও বিদ্যুৎ খাতের দখলে ছিল লেনদেনের ৯ দশমিক ৮ শতাংশ।
গতকাল ডিএসইতে একটি খাত বাদে সব খাতের শেয়ারেই ইতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৫ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে পাট খাতে। এছাড়া সাধারণ বীমা খাতে ৪ দশমিক ২, তথ্যপ্রযুক্তি খাতে ৩ দশমিক ৫ এবং কাগজ ও মুদ্রণ খাতে ৩ দশমিক ৪ শতাংশ ইতিবাচক রিটার্ন ছিল। অন্যদিকে ডিএসইতে গতকাল টেলিযোগাযোগ খাতের শেয়ারে দশমিক ৭ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে।
দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) নির্বাচিত কোম্পানির সূচক সিএসসিএক্স গতকাল ৫৫ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৫০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই এদিন ৯৮ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৭৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৬৬ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ৩১টির আর দর অপরিবর্তিত ছিল ১৭টির। গতকাল সিএসইতে ১৫ কোটি ৬৩ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১৫ কোটি ৭৬ লাখ টাকা।