চীনের কয়লা আমদানি সেপ্টেম্বরে রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে। দেশটির শুল্ক বিভাগের দেয়া তথ্যানুযায়ী, অভ্যন্তরীণ উৎপাদনে সীমাবদ্ধতা ও বাড়তি দাম সামাল দিতে বেইজিং এ সময় প্রতিবেশী দেশ মঙ্গোলিয়া থেকে সবচেয়ে বেশি কয়লা আমদানি করেছে। খবর রয়টার্স।
চীনের শুল্ক বিভাগ জানায়, সেপ্টেম্বরে চীন মঙ্গোলিয়া থেকে ৯২ লাখ ৯০ হাজার টন কয়লা আমদানি করেছে, যা গত বছরের তুলনায় ৩৩ শতাংশ বেশি।
চীন সম্প্রতি কয়লা উত্তোলনে সীমা আরোপ করেছে। বছরের প্রথমার্ধে অতিরিক্ত সরবরাহের কারণে দাম কমে যাওয়ায় সরকার এ উদ্যোগ নেয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এ নীতির প্রভাবে দেশটিতে তাপীয় কয়লার দাম আট মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। উড ম্যাকেনজির সিনিয়র কনসালট্যান্ট সাইমন উ বলেন, ‘পাশের দেশ হিসেবে মঙ্গোলিয়া স্বল্প পরিবহন খরচে দ্রুত সরবরাহ দিতে পারে। ফলে তারা চীনের বাজারে সবচেয়ে বেশি হিস্যা দখল করছে।’