সম্প্রতি হোটেল শেরাটন ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ অর্থায়ন অনুমোদন করা হয়। প্রকল্প দুটির অর্থায়নে ‘অ্যারেঞ্জার’ হিসেবে কাজ করেছে সিটি ব্যাংক পিএলসি। অন্যদিকে, ইডকল স্বল্প ও অপরিবর্তনীয় সুদে দীর্ঘমেয়াদি অর্থায়ন করেছে। এর পরিমাণ ১৬০ কোটি টাকা। যৌথ এ অর্থায়নের মাধ্যমে প্রতিষ্ঠান দুটির দীর্ঘমেয়াদি প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি সুবিধাজনক অর্থায়ন প্যাকেজ তৈরি করা হয়েছে বলে জানানো হয়।
নরপ নিট ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও প্রুডেন্ট ফ্যাশনস লিমিটেড আগামী সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলক উৎপাদন শুরু করবে। এতে পাঁচ হাজারের বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে বছরে আনুমানিক ৩৬ হাজার ৫০৪ মেগাওয়াট-আওয়ার বিদ্যুৎ সাশ্রয় এবং ৭ হাজার ৭৭৮ টন কার্বন নিঃসরণ কমবে। এছাড়া আগামী ১০ বছরে প্রকল্প দুটি থেকে প্রায় ২২৭ কোটি মার্কিন ডলার রফতানি আয় অর্জিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে ইডকলের ভারপ্রাপ্ত এমডি এসএম মনিরুল ইসলাম উল্লেখ করেন, ২০১৪ সাল থেকে বাংলাদেশে জ্বালানি দক্ষতা অর্থায়নে ইডকল সক্রিয় ভূমিকা পালন করে আসছে, যখন এ ধারণাটি বাজারে একেবারেই নতুন ছিল। তিনি আরো জানান, প্রকল্প দুটি বাংলাদেশের শিল্পভিত্তি ও টেকসই অগ্রযাত্রাকে শক্তিশালী করার ক্ষেত্রে দীর্ঘমেয়াদি মূলধন সরবরাহে ইডকলের প্রায় তিন দশকের লক্ষ্য ও প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করে। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন সিটি ব্যাংকের এএমডি ও সিএফও মো. মাহবুবুর রহমান এবং পার্ল গ্লোবাল বাংলাদেশ অপারেশনের কান্ট্রি ডিরেক্টর সঞ্জয় সরকার।