দক্ষিণ এশিয়ায় প্রথম

বাংলালিংকের স্যাটেলাইট টু মোবাইল সেবা চালু

জরুরি পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ কিংবা দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার কারণে প্রচলিত নেটওয়ার্ক সেবা বিঘ্নিত হলেও স্যাটেলাইট টু মোবাইল সেবার মাধ্যমে যোগাযোগ রাখতে পারবেন গ্রাহক।

প্রচলিত মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরে থাকা এলাকাগুলোয় সংযোগ নিশ্চিত করতে স্টারলিংকের সঙ্গে অংশীদারত্বে দেশে স্যাটেলাইট টু মোবাইল সেবা চালু করেছে বাংলালিংক। এর মাধ্যমে দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো বাংলাদেশে স্যাটেলাইটভিত্তিক সরাসরি মোবাইল সংযোগের সুবিধা পাওয়া যাচ্ছে। বাংলালিংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

জরুরি পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ কিংবা দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার কারণে প্রচলিত নেটওয়ার্ক সেবা বিঘ্নিত হলেও স্যাটেলাইট টু মোবাইল সেবার মাধ্যমে যোগাযোগ রাখতে পারবেন গ্রাহক। বিশেষত জেলে, সাগরে কাজ করা মানুষ, দুর্গম ও উপকূলীয় এলাকার বাসিন্দা এবং পর্যটকদের জন্য সেবাটি ভূমিকা রাখবে। বাংলাদেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের (ইইজেড) অন্তর্ভুক্ত গভীর সমুদ্র এলাকায়ও এর মাধ্যমে সংযোগ পাওয়া যাবে।

স্যাটেলাইট টু মোবাইল সেবার আওতায় নেটওয়ার্কের বাইরে থাকা এলাকায়ও প্রয়োজনীয় কিছু অ্যাপ ও লোকেশন সেবা ব্যবহারের সুবিধা থাকবে। বাংলালিংক সংযোগ ও ফোরজিসক্ষম মোবাইল ফোন থাকলেই সেবাটি ব্যবহার করা যাবে।

সেবা চালুর প্রথম মাসে যেকোনো বাংলালিংক ইন্টারনেট বা মিক্সড বান্ডল প্যাক কিনলে অতিরিক্ত খরচ ছাড়াই স্টারলিংক ইন্টারনেট ব্যবহারের সুবিধা পাওয়া যাবে। দ্বিতীয় মাস থেকে নির্ধারিত কিছু মাসিক ইন্টারনেট ও মিক্সড বান্ডল প্যাকের সঙ্গেও অতিরিক্ত খরচ ছাড়াই এ সুবিধা মিলবে। পাশাপাশি স্যাটেলাইট নেটওয়ার্কে প্রতি মাসে বিনামূল্যে পাঁচটি এসএমএস পাঠাতে পারবেন গ্রাহকরা।

দেশে স্যাটেলাইট টু মোবাইল সেবা চালু প্রসঙ্গে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইওহান বুসে বলেন, ‘কানেক্টিভিটির কেন্দ্রবিন্দুতে রয়েছে মানুষ। দূরে থাকা স্বজনের সঙ্গে কথা বলতে, সাগরে থাকা একজন জেলের বাড়িতে বার্তা পাঠাতে কিংবা দুর্গম এলাকায় থাকা কেউ প্রয়োজনের সময় কারো সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেটিই গুরুত্বপূর্ণ।’

স্যাটেলাইট টু মোবাইল সেবার মাধ্যমে বাংলালিংক আরো বেশি মানুষের কাছে ও এলাকায় সংযোগ পৌঁছে দিতে চায় জানিয়ে তিনি বলেন, ‘দূরত্ব যেন যোগাযোগের পথে বাধা না হয়। প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষের দৈনন্দিন জীবনে বাস্তব সুবিধা তৈরি করাই ডিজিটাল অপারেটর হিসেবে বাংলালিংকের লক্ষ্য।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, স্টারলিংকের স্যাটেলাইট টু মোবাইল সেবার মাধ্যমে প্রচলিত মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরের এলাকাতেও বাংলালিংকের গ্রাহকরা প্রয়োজনীয় যোগাযোগ করতে পারবেন। ফলে মোবাইল নেটওয়ার্কের কাভারেজের ওপর গ্রাহকের যোগাযোগের সুযোগ নির্ভর করবে না। আকাশ দেখা গেলেই বাংলালিংকের মাধ্যমে সংযুক্ত থাকা যাবে।

আরও