পেরুর তামা উৎপাদন কমেছে প্রায় ৫ শতাংশ

বিশ্বের অন্যতম শীর্ষ খনি থেকে তামা উত্তোলনকারী কোম্পানিগুলোর মধ্যে একটি অ্যান্টামিনা মাইন।

বিশ্বের অন্যতম শীর্ষ খনি থেকে তামা উত্তোলনকারী কোম্পানিগুলোর মধ্যে একটি অ্যান্টামিনা মাইন। পেরুর উত্তর-পশ্চিম অঞ্চলে অবস্থিত কোম্পানির উত্তোলন সম্প্রতি কমেছে, যার প্রভাব পড়েছে সার্বিক তামা উৎপাদনে। নভেম্বরে পেরুতে ধাতবপণ্যটির উৎপাদন কমেছে গত বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৬ শতাংশ। গত সপ্তাহে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির এনার্জি অ্যান্ড মাইন মিনিস্ট্রি। খবর হেলেনিক শিপিং নিউজ।

মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরে পেরু ২ লাখ ৪১ হাজার ৮৮৩ টন তামা উৎপাদন করেছে। এছাড়া বছরের শুরু থেকে নভেম্বর পর্যন্ত মোট তামা উৎপাদন দাঁড়িয়েছে ২৪ লাখ ৭০ হাজার টনে, যা ২০২৩ সালের একই সময়ের তুলনায় ১ দশমিক ১ শতাংশ কম।

বিশ্বে তামা উৎপাদনে তৃতীয় শীর্ষ দেশ পেরু। ধাতবপণ্যটির উৎপাদন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক চালক। খাতসংশ্লিষ্টদের মতে, ২০২৪ ও ২০২৫ সালে দেশটির উৎপাদন প্রায় ২৮ লাখ টনে স্থিতিশীল থাকতে পারে।

কিছু সূত্রের দেয়া তথ্যানুযায়ী, পেরুতে খনি পুরনো হয়ে যাওয়ায় আয়রন গ্রেড কমে গেছে। এছাড়া নতুন কোনো প্রকল্পও চালু করা হচ্ছে না।

আরও