শিক্ষার্থীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও সময়সাশ্রয়ী যাতায়াত নিশ্চিত করতে ১৮টি এসি বাস চালু করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। ঢাকা সিটির ছয়টি গুরুত্বপূর্ণ রুটে এসব বাস চলাচল করবে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
সম্প্রতি ইউআইইউ ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা। বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের যুগ্ম সাধারণ সম্পাদক মইনুদ্দীন হাসান রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া।
হাসান মাহমুদ রাজা বলেন, ‘শিক্ষা কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াত ও অন্যান্য প্রয়োজনীয় সেবাকেও ইউআইইউ গুরুত্ব দিয়ে আসছে। নতুন এসি পরিবহনসেবা শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয় জীবনে ইতিবাচক ভূমিকা রাখবে।’
মইনুদ্দীন হাসান রশীদ বলেন, ‘শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ইউনাইটেড গ্রুপ দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে। নতুন পরিবহনসেবার মাধ্যমে শিক্ষার্থীরা নিরাপদ ও আরামদায়ক যাতায়াতের পাশাপাশি সময় সাশ্রয়ের সুযোগ পাবেন।’
অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া বলেন, ‘মানসম্মত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ক্যাম্পাস জীবন নিশ্চিত করাও বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। নতুন বাস সার্ভিস শিক্ষার্থীদের দৈনন্দিন যাতায়াত সহজ ও নিরাপদ করার পাশাপাশি ক্লাসে মনোযোগ বাড়াতে ভূমিকা রাখবে।’