শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির জন্য বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্সধারী রফতানিকারকদের ‘কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ (সিবিএমএস) ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ফলে এখন থেকে ম্যানুয়ালি ইউপির (ইউটিলাইজেশন পারমিশন) আবেদন গ্রহণ ও অনুমোদন প্রক্রিয়া বন্ধ হলো। দেশের বন্ড ব্যবস্থাপনাকে আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে ১ জানুয়ারি থেকে তা কার্যকর করার কথা এক মাস আগেই বলেছিল এনবিআর।
১ ডিসেম্বর প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, বর্তমানে এনবিআরের অধীন তিনটি কাস্টমস বন্ড কমিশনারেটের মাধ্যমে সিবিএমএস সফটওয়্যারের ২৪টি মডিউল ব্যবহার করে বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে সেবা দেয়া হচ্ছে। তবে তা বাধ্যতামূলক না হওয়ায় এর ব্যবহার কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছেনি।
এ বিধানের ফলে বন্ডেড ওয়্যারহাউজ লাইসেন্সধারী রফতানিকারক প্রতিষ্ঠানগুলোর শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানির জন্য শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের অনুমোদিত সহগ অনুযায়ী সংশ্লিষ্ট কাস্টমস বন্ড কমিশনারেট থেকে ‘ইউপি’ গ্রহণ করতে হয়।