ভারত থেকে দেশে আলু আমদানি বন্ধ আছে। এ কারণে বেশ কয়েকদিন ধরে ঊর্ধ্বমুখী ছিল পণ্যটির বাজারদর। তবে সম্প্রতি অভ্যন্তরীণ সরবরাহ বেড়েছে। ফলে দিনাজপুরের হিলিতে নিম্নমুখী হয়েছে আলুর দাম। এক সপ্তাহের ব্যবধানে দাম কমেছে কেজিপ্রতি ২০-২৫ টাকা।
গতকাল হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারের প্রতিটি দোকানেই দেশী আলুর প্রয়োজনীয় সরবরাহ রয়েছে। বর্তমানে নতুন সাদা বর্ণের ক্যারেজ ও গ্র্যানোলা আলু এবং লাল বর্ণের রোমানা জাতের আলু বিক্রি হচ্ছে। এসব আলু প্রকারভেদে ২৫-৩৫ টাকা কেজি দরে বিক্রি করছেন ব্যবসায়ীরা, এক সপ্তাহ আগেও যা ছিল কেজিপ্রতি ৫০-৫৫ টাকা। এছাড়া দুই সপ্তাহ আগে এসব আলু কেজিপ্রতি ৬৫-৭০ টাকায় বিক্রি হয়েছিল।
হিলি বাজারের আলু বিক্রেতা মনিরুল ইসলাম বলেন, ‘গত ডিসেম্বরে ভারত থেকে দেশে আলু আমদানি বন্ধ হয়েছে। এতে দাম ঊর্ধ্বমুখী ছিল। তবে বর্তমানে হিলিসহ আশপাশের বিভিন্ন অঞ্চলে দেশী নতুন আলুর সরবরাহ বেড়েছে। ফলে দাম আগের তুলনায় কমেছে।’
তিনি জানান, ভালো দাম ও চাহিদা থাকায় এবারে আলুর আবাদ বাড়িয়েছেন কৃষকরা। যদিও অন্য সময়ের তুলনায় এবারের মৌসুমে উৎপাদন খরচ বেশি ছিল।