পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ টন আতপ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে একটি জাহাজ। এ চালের নমুনা পরীক্ষা শেষে সেগুলো খালাসের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সকালে এসব চাল দেশে পৌঁছেছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম। তিনি বলেন, ‘জিটুজি চুক্তির আওতায় ২৬ হাজার ২৫০ টন আতপ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এমভি মরিয়ম নামের একটি জাহাজ।’
এর আগে ৫ মার্চ পাকিস্তান থেকে সরকারি উদ্যোগে আমদানি করা চালের প্রথম চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে ভেড়ে এমভি সিবি নামে পাকিস্তানি পতাকাবাহী একটি জাহাজ।
খাদ্য বিভাগের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রকের দপ্তর জানিয়েছে, পাকিস্তান থেকে ৫০ হাজার টন আতপ চাল আমদানি নিয়ে গত ১৪ জানুয়ারি ঢাকায় সরকারি পর্যায়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়।