রফতানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে এমটিবি

এ অংশীদারত্বের আওতায় সম্ভাবনাময় রফতানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলোকে তুলনামূলক সাশ্রয়ী শর্তে অর্থায়ন সুবিধা দেবে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি।

বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার ‘রফতানি বহুমুখীকরণ খাতে পুনঃঅর্থায়ন স্কিম’ শীর্ষক তহবিলে অংশ নিতে নিয়ন্ত্রক সংস্থাটির সঙ্গে একটি অংশগ্রহণ চুক্তি করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। এ অংশীদারত্বের আওতায় সম্ভাবনাময় রফতানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলোকে তুলনামূলক সাশ্রয়ী শর্তে অর্থায়ন সুবিধা দেবে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি। ফলে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, রফতানিযোগ্য নতুন পণ্য তৈরি এবং নতুন আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ তৈরি হবে বলে এমটিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চুক্তি স্বাক্ষর উপলক্ষে বৃহস্পতিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক একেএম নূরুন্নবী এবং এমটিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও চিফ বিজনেস অফিসার চৌধুরী আখতার আসিফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এমটিবি জানিয়েছে, এ স্কিমের আওতায় যোগ্য শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য তুলনামূলক সাশ্রয়ী অর্থায়নের সুযোগ দেয়া হবে। এতে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, নতুন পণ্য উন্নয়ন, আন্তর্জাতিক বাজার অনুসন্ধান ও কর্মসংস্থান সৃষ্টির সুযোগ বাড়বে। একই সঙ্গে দেশের বাণিজ্য ব্যবস্থা আরো বৈচিত্র্যময় ও স্থিতিশীল করার ক্ষেত্রে এটি ভূমিকা রাখবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এমটিবির সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের প্রধান তাহমিনা জামান খান, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস সার্ভিসেস বিভাগের ইউনিটপ্রধান এটিএম নেসারুল হক এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. আবু আলম মহসিন ও যুগ্ম পরিচালক সজীব কুমার দাস।

আরও