একের পর এক দেশের পণ্যে শুল্ক আরোপ ও শ্রমবাজার প্রত্যাশার তুলনায় কম কর্মসংস্থানের কারণে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বেড়েছে। যার প্রভাব দেশটির অর্থনীতিতে পড়ার আশঙ্কা করছে বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান মরগান স্ট্যানলি। সম্প্রতি প্রতিষ্ঠানটি ২০২৫ সালের জন্য যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধির পূর্বাভাস সংশোধন করে কমিয়ে এনেছে। খবর রয়টার্স।
মাইকেল টি গ্যাপেনের নেতৃত্বে মরগান স্ট্যানলির অর্থনীতিবিদরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আগে আরোপিত এবং নতুন বিস্তৃত শুল্ক চলতি বছর মৃদু প্রবৃদ্ধিতে রূপান্তর হবে। যদিও তারা ধরে নিয়েছিলেন, অব্যাহত শুল্ক আরোপ ২০২৬ সালের প্রবৃদ্ধির ওপর প্রভাব ফেলবে। কিন্তু এখন বলছেন, চলতি বছরই ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তগুলো প্রভাব ফেলা শুরু করবে। এছাড়া আগামী জুনে মার্কিন ফেডারেল রিজার্ভ ২৫ বেসিস পয়েন্টে সুদহার কমাবে বলেও পূর্বাভাস দিয়েছে মরগান স্ট্যানলি।
দ্য ওয়াল স্ট্রিটের প্রতিষ্ঠানটি ২০২৫ অর্থবছরের শেষ প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) প্রবৃদ্ধির পূর্বাভাস ১ দশমিক ৯ থেকে কমিয়ে ১ দশমিক ৫ শতাংশ করেছে। এর সঙ্গে আগামী বছরের জন্য প্রবৃদ্ধির পূর্বাভাস ১ দশমিক ৩ থেকে কমিয়ে ১ দশমিক ২ শতাংশ করেছে।
মরগান স্ট্যানলির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি মূল্যস্ফীতি বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের ওপর চাপ বাড়াবে।
এদিকে আরেক বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস ২০২৫ অর্থবছরের শেষ প্রান্তিকের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস ২ দশমিক ২ থেকে কমিয়ে ১ দশমিক ৭ শতাংশ করেছে। ১২ মাসের মন্দার আশঙ্কা ১৫ থেকে বাড়িয়ে ২০ শতাংশ করেছে।