রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়নের সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ (আরডিআইআরডব্লিউএসপি) প্রকল্পের ২ হাজার কোটি টাকার সুকুকের নিলামের জন্য ১৯ মে দিন ধার্য করেছে বাংলাদেশ ব্যাংক। ‘আরডিআইআরডব্লিউএসপি সোসিও ইকোনমিক ডেভেলপমেন্ট সুকুক’ শীর্ষক এ নিলাম কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
প্রসপেক্টাস অনুযায়ী নিলামের মাধ্যমে ২ হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ইজারা পদ্ধতিতে সুকুক ইস্যু করা হবে, যার মেয়াদোত্তীর্ণের তারিখ ২০ মে ২০৩২। এ সুকুকে বিনিয়োগের বিপরীতে বিনিয়োগকারীদের বার্ষিক ১০ দশমিক ৫০ শতাংশ হারে ভাড়া ষাণ্মাসিক ভিত্তিতে পরিশোধ করা হবে। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি বা আল-ওয়াদিয়াহ্ চলতি হিসাব রয়েছে এরূপ সব ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানি সরাসরি নিলামে অংশগ্রহণ করতে পারবে। এছাড়া দেশী-বিদেশী ব্যক্তিপর্যায়ের বিনিয়োগকারীসহ বীমা কোম্পানি, প্রভিডেন্ট ফান্ড ও ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি বা আল-ওয়াদিয়াহ্ চলতি হিসাব রয়েছে এরূপ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে নিলামে অংশগ্রহণ করতে পারবে। এক্ষেত্রে বিনিয়োগকারীদের অনুকূলে সুকুক বরাদ্দের জন্য ২২ জানুয়ারি ২০২৫ সালের ডিএমডি সার্কুলার লেটার নং-০৫-এ বর্ণিত নির্দেশনা অনুসৃত হবে।
বিনিয়োগকারীরা ১০ হাজার টাকার গুণিতক পরিমাণে সুকুক ক্রয়ের জন্য আগামী ১৮ মে সকাল সাড়ে ১০টা থেকে ১৯ মে দুপুর সাড়ে ১২টার মধ্যে নিলাম নোটিসে বর্ণিত পদ্ধতিতে বিড দাখিল করতে পারবেন। এতে কৃতকার্য বিডারদের তাদের আবেদনের বিপরীতে বরাদ্দকৃত সুকুকের পরিমাণ নিলামের তারিখে ১৯ মে ই-মেইলের মাধ্যমে অবহিত করা হবে। অকশন-পরবর্তী কার্যদিবসে ২০ মে নিলামে অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর বাংলাদেশ ব্যাংকের সঙ্গে রক্ষিত চলতি বা আল-ওয়াদিয়াহ্ চলতি হিসাব বিকলন এবং সিকিউরিটিজ হিসাব আকলন করে এ লেনদেন সম্পন্ন করা হবে। —বিজ্ঞপ্তি