এসসিবির সহযোগিতায় গ্যালারি কায়ার আয়োজন

শিশুদের সৃজনশীলতা বিকাশে ইন্টারঅ্যাকটিভ আর্ট ওয়ার্কশপ

জাগো ফাউন্ডেশনের তত্ত্বাবধানে থাকা ১৫ শিশুকে নিয়ে একটি ইন্টারঅ্যাকটিভ আর্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের (এসসিবি) সহযোগিতায় বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় গ্যালারি কায়ায় এ কর্মশালার আয়োজন করা হয়। এর অংশ হিসেবে শনি ও রোববার মধুপুরে গারো সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে শিশুদের পৃথক একটি ইন্টারঅ্যাকটিভ আর্ট সেশন অনুষ্ঠিত হবে। এতে শিল্পচর্চার পাশাপাশি গারো জনগোষ্ঠীর জীবনধারা, সংস্কৃতি ও ঐতিহ্যকে উদযাপন করা হবে।

এসসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিশুদের শিল্পচর্চার সঙ্গে পরিচয় করিয়ে দেয়া, সৃজনশীলতা বিকাশে উৎসাহিত করা এবং আত্মপ্রকাশের একটি ইতিবাচক পরিসর তৈরিই এ উদ্যোগের মূল লক্ষ্য। দুটি কর্মশালার মাধ্যমে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন, সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধাবোধ বৃদ্ধি এবং প্রান্তিক ও আদিবাসী জনগোষ্ঠীর কাছে শিল্পচর্চার সুযোগ পৌঁছে দেয়ার প্রতিশ্রুতিকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবারের কর্মশালাটি পরিচালনা করেন ভারতীয় শিল্পী চন্দ্র ভট্টাচার্য। এ সময় শিল্পী অতীন বসাকসহ আরো কয়েকজন শিল্পী শিশুদের সঙ্গে যুক্ত হয়ে ছবি আঁকা, শিল্পচর্চা এবং বিভিন্ন সৃজনশীল কার্যক্রমে অংশ নেন। পুরো কর্মশালাজুড়ে শিশুদের শিল্পীদের সঙ্গে সরাসরি মতবিনিময়, বিভিন্ন শিল্পকৌশল সম্পর্কে জানার এবং নিজেদের ভাবনা ও অনুভূতি শিল্পের মাধ্যমে প্রকাশের সুযোগ তৈরি হয়।

শিশুদের সৃজনশীলতা বিকাশে এসসিবির উদ্যোগ প্রসঙ্গে ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. এনামুল হক বলেন, ‘আমরা বিশ্বাস করি, একটি শিশুর বিকাশে শুধু শিক্ষা নয়; বরং সৃজনশীলতা, কল্পনাশক্তি, আত্মবিশ্বাস এবং মানসিক সুস্থতারও সমান গুরুত্ব রয়েছে। তাই শিশুদের নিজেদের ভাবনা প্রকাশের সুযোগ তৈরি করা জরুরি।’

তিনি আরো বলেন, ‘এ উদ্যোগের মাধ্যমে যেসব শিশু ও সম্প্রদায়ের শিল্পচর্চার সুযোগ সীমিত, তাদের কাছে শিল্পের আনন্দ ও সম্ভাবনা পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত।’ এ কর্মশালাগুলো শিশুদের সৃজনশীলভাবে ভাবতে, আত্মবিশ্বাসী হয়ে উঠতে এবং নতুন সম্ভাবনা খুঁজে পেতে উৎসাহিত করবে বলেও আশা প্রকাশ করেন এসসিবির সিইও।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, কর্মশালার পাশাপাশি ভারতী শিল্পী চন্দ্র ভট্টাচার্যের শিল্পকর্ম নিয়ে একটি প্রদর্শনীও শুরু হয়েছে। গতকাল গ্যালারি কায়ায় এ আয়োজনের উদ্বোধন করা হয়। প্রদর্শনীটি ২১ জুলাই পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

আরও