২০২৫-২৬ মৌসুমে বিশ্বব্যাপী তুলা উৎপাদন, ব্যবহার ও আমদানি-রফতানি কমতে পারে। চলতি মাসে প্রকাশিত যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) বৈশ্বিক সরবরাহ ও চাহিদা প্রাক্কলন (ডব্লিউএএসডিই) প্রতিবেদনে এমন পূর্বাভাস দেয়া হয়েছে। এছাড়া এ মৌসুমে প্রারম্ভিক ও সমাপনী মজুদ কমার পূর্বাভাসও দিয়েছে সংস্থাটি। খবর ফাইবার টু ফ্যাশন।
ইউএসডিএর হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ মৌসুমে বিশ্বব্যাপী তুলা উৎপাদন হতে পারে ১১ কোটি ৬৬ লাখ ২০ হাজার বেল (প্রতি বেলে ৪৮০ পাউন্ড বা ২০৮ দশমিক ৬৫ কেজি)। সে অনুযায়ী চলতি মৌসুমে বিশ্বব্যাপী পণ্যটির উৎপাদন কমবে ২০২৪-২৫ মৌসুমের তুলনায় ১২ লাখ বেল। এটি জুলাইয়ে দেয়া পূর্বাভাসের তুলনায় ১৮ লাখ বেল কম। এ সময় বিশ্বব্যাপী ১১ কোটি ৮৪ লাখ ২০ হাজার বেল তুলা উৎপাদন হতে পারে বলে জানিয়েছিল সংস্থাটি।
খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি মৌসুমে চীনে উৎপাদন কিছুটা বাড়লেও যুক্তরাষ্ট্র, সুদান, উজবেকিস্তান ও মালিতে উৎপাদন হ্রাস বিশ্বব্যাপী মোট তুলা উৎপাদন কমার পেছনে ভূমিকা রাখবে।
২০২৫-২৬ মৌসুমে ভারত, বাংলাদেশ ও তুরস্কের কারখানাগুলোয় তুলার ব্যবহার কমতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এমন প্রেক্ষাপটে বিশ্বব্যাপী তুলা ব্যবহার ১১ কোটি ৭৯ লাখ ৯০ হাজার বেলে নেমে যেতে পারে। এটি জুলাইয়ে দেয়া পূর্বাভাস ১১ কোটি ৮১ লাখ ২০ হাজার বেলের তুলনায় এক লাখ বেল কম।
বৈশ্বিক তুলা আমদানি-রফতানির পূর্বাভাস ১১ লাখ বেল কমে দাঁড়িয়েছে ৪ কোটি ৩৫ লাখ ৯০ হাজার বেলে। এর আগে দেয়া পূর্বাভাসে যা ছিল ৪ কোটি ৪৬ লাখ ৯০ হাজার বেল। এ সময় যুক্তরাষ্ট্র, সুদান ও মালি থেকে রফতানি কমার পাশাপাশি আরো কয়েকটি দেশের তুলা আমদানি-রফতানি তথ্যে কিছুটা পরিবর্তন আসতে পারে।
২০২৫-২৬ মৌসুমের প্রারম্ভিক মজুদ আগের বছর শুরুর সময়কার তুলনায় ১৭ লাখ ৩০ হাজার বেল কমে দাঁড়িয়েছে ৭ কোটি ৫০ লাখ ৫০ হাজার বেলে। ২০২৪-২৫ মৌসুমে চীন ও ব্রাজিলে ব্যবহার বৃদ্ধি চলতি মৌসুমের প্রারম্ভিক মজুদ কমার পেছনে ভূমিকা রেখেছে। এ মৌসুমে সমাপনী মজুদ ৭ কোটি ৩৯ লাখ ১০ হাজার বেল হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে ইউএসডিএ।
এদিকে ইউএসডিএ আগস্টে দেয়া প্রতিবেদনে যুক্তরাষ্ট্রে তুলা উৎপাদন, প্রারম্ভিক ও সমাপনী মজুদসহ আমদানি-রফতানি কমার পূর্বাভাস দিয়েছে। দেশটির ন্যাশনাল এগ্রিকালচারাল স্ট্যাটিস্টিকস সার্ভিস (এনএএসএস) অনুযায়ী, দেশটিতে চলতি মৌসুমে মোট আবাদযোগ্য জমির পূর্বাভাস ৮ শতাংশ কমে ৯৩ লাখ একরে দাঁড়াতে পারে।
চলতি মৌসুমে যুক্তরাষ্ট্রে তুলা উৎপাদন হতে পারে ১ কোটি ৩২ লাখ বেল, যা গত মাসে দেয়া পূর্বাভাসের তুলনায় প্রায় ১৪ লাখ এবং আগের মৌসুমের তুলনায় ১২ লাখ বেল কম। এছাড়া ২০২৫-২৬ মৌসুমে যুক্তরাষ্ট্রে তুলার সমাপনী মজুদ দাঁড়াবে ৩৬ লাখ বেলে। এটি গত মাসে দেয়া প্রাক্কলনের তুলনায় ১০ লাখ বেল কম।