এখন থেকে কোনো ব্যাংক নিট মুনাফা অর্জন করতে না পারলেও তার কর্মীদের উৎসাহ বোনাস দিতে পারবে। বাংলাদেশ ব্যাংকের জারি করা এক সার্কুলারে গতকাল এ-সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়।
গত বছরের ৯ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংকের জারি করা এক সার্কুলারে বলা হয়, কোনো ব্যাংক শুধু প্রকৃত আয়-ব্যয়ের ভিত্তিতে নির্ধারিত নিট মুনাফা অর্জন করতে পারলেই তার কর্মীদের বোনাস দিতে পারবে। পুঞ্জীভূত মুনাফা থেকে কোনো ধরনের উৎসাহ বোনাস দেয়া যাবে না। পাশাপাশি মূলধন ও নিরাপত্তা সঞ্চিতিতে ঘাটতি থাকলেও এ বোনাস দিতে পারবে না।
বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, নিট মুনাফা অর্জন না হলেও কোনো ব্যাংক যদি নির্দিষ্ট বছরে শুধু পরিচালন মুনাফা অর্জন করতে পারে, তাহলেই ব্যাংকটি তার কর্মীদের এক মাসের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ বোনাস দিতে পারবে। এছাড়া মূলধন ও নিরাপত্তা সঞ্চিতির ক্ষেত্রেও তা শুধু পূর্ববর্তী বছরের তুলনায় অবনতি না হলেই বোনাস দেয়া যাবে।
উল্লেখ্য, আয় থেকে ব্যয় বাদ দিয়ে যে মুনাফা থাকে, সেটিকেই বলা হয় পরিচালন মুনাফা, এটা কোনো ব্যাংকের প্রকৃত মুনাফা নয়। এ থেকে খেলাপি ঋণ ও অন্যান্য সম্পদের বিপরীতে প্রভিশন (নিরাপত্তা সঞ্চিতি) সংরক্ষণ এবং সরকারকে কর পরিশোধ করতে হয়। প্রভিশন ও কর-পরবর্তী এ মুনাফাকেই বলা হয় ব্যাংকের প্রকৃত বা নিট মুনাফা।