দ্বিতীয় প্রান্তিক

ইউনিলিভারের নিট মুনাফা বেড়েছে ২৮ শতাংশ

তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড চলতি ২০২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে ২৪ কোটি ৩৩ লাখ টাকা কর-পরবর্তী নিট মুনাফা করেছে, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৮ কোটি ৯৫ লাখ টাকা।

তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড চলতি ২০২৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে ২৪ কোটি ৩৩ লাখ টাকা কর-পরবর্তী নিট মুনাফা করেছে, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৮ কোটি ৯৫ লাখ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ২৮ শতাংশ। কোম্পানিটির প্রকাশিত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তথ্যানুসারে, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে ইউনিলিভার কনজিউমার কেয়ারের আয় হয়েছে ৭৯ কোটি ৬৫ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭৭ কোটি ১৩ লাখ টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৬২ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৯ টাকা ৮৩ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৪ টাকা ৬১ পয়সায়।

চলতি হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ইউনিলিভার কনজিউমার কেয়ারের আয় হয়েছে ১৭৫ কোটি ৬ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৭১ কোটি ১১ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩৮ কোটি ১৩ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪১ কোটি ৩৩ লাখ টাকা। চলতি হিসাব বছরের প্রথমার্ধে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৯ টাকা ৭৮ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ২১ টাকা ৪৪ পয়সা।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৪ টাকা ৬২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪৯ টাকা ৮৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১২৬ টাকা ৮৩ পয়সায়।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ইউনিলিভার কনজিউমার কেয়ার। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৯ টাকা ৮৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩৭ টাকা ৯০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১২২ টাকা ২১ পয়সা।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২৪০ শতাংশ নগদ ও ৬০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ইউনিলিভার কনজিউমার কেয়ার। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬০ টাকা ৬৪ পয়সা, আগের হিসাব বছরের যা ছিল ৪৩ টাকা ৮০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৩৯ টাকা ৬০ পয়সায়।

ইউনিলিভার কনজিউমার কেয়ারের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌ডাবল এ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি ওয়ান’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং প্রকাশের দিন পর্যন্ত কোম্পানিটির অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)।

১৯৭৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্ল্যাক্সোস্মিথক্লাইন (জিএসকে) বাংলাদেশ লিমিটেডকে ইউনিলিভার কর্তৃক অধিগ্রহণের পর ২০২০ সালের ২৬ নভেম্বর থেকে কোম্পানিটির নতুন নাম হয় ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড। ২০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে বর্তমানে ইউনিলিভার কনজিউমার কেয়ারের পরিশোধিত মূলধন ১৯ কোটি ২৭ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২২৫ কোটি ১৭ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৯২ লাখ ৭৪ হাজার ৩১৮। এর মধ্যে ৯২ দশমিক ৮০ শতাংশই রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩ দশমিক ৫০, বিদেশী বিনিয়োগকারী দশমিক ১১ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩ দশমিক ৫৯ শতাংশ শেয়ার রয়েছে।

আরও