দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে সূচক ও গড় লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। গেল সপ্তাহে পুঁজিবাজারে ব্যাংক ও বীমা খাতের শেয়ারে ইতিবাচক রিটার্ন এসেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহের ডিএসইএক্স সূচক এর আগের সপ্তাহের তুলনায় ২২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২২৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ৫ হাজার ২০৪ পয়েন্ট। এছাড়া গত সপ্তাহে নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৮৯০ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস গত সপ্তাহে ৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ১৬১ পয়েন্ট।
ডিএসইতে গত সপ্তাহে লেনদেন হওয়া মোট ৪১৩টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ১৭৬টির, কমেছে ১৮৪টির আর অপরিবর্তিত ছিল ৩৪টির দর। এছাড়া লেনদেন হয়নি ১৯টির। গত সপ্তাহে সূচকের বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রেখেছে স্কয়ার ফার্মা, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক ও ইউসিবি ব্যাংকের শেয়ার।
ডিএসইতে গত সপ্তাহে পাঁচ কার্যদিবসে মোট ১ হাজার ৯৫৫ কোটি টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে যা ছিল ১ হাজার ৮১৩ কোটি টাকা। খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ১৫ দশমিক ১৫ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে খাদ্য ও আনুষঙ্গিক খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ দশমিক ২৮ শতাংশ দখলে নিয়েছে ওষুধ ও রসায়ন খাত। ১৩ দশমিক ২৬ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে বস্ত্র খাত। এছাড়া ৮ দশমিক ৪৫ শতাংশ লেনদেনের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল ব্যাংক খাত। আর প্রকৌশল খাতের দখলে ছিল ৮ দশমিক ১৩ শতাংশ।
গত সপ্তাহে ডিএসইতে সাধারণ বীমা খাতে ২ দশমিক ১৮ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। এছাড়া জীবন বীমা খাতে ১ দশমিক ৩১ শতাংশ ও ব্যাংক খাতে দশমিক ৪৭ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে নেতিবাচক রিটার্নে শীর্ষে ছিল জ্বালানি ও বিদ্যুৎ খাত। এ খাতে নেতিবাচক রিটার্ন এসেছে ২ দশমিক ৬৯ শতাংশ।
দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ৫১ শতাংশ বেড়ে ১৪ হাজার ৫৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ১৪ হাজার ৫০৩ পয়েন্ট। সিএসসিএক্স সূচকটি গত সপ্তাহ শেষে দশমিক ৬৪ শতাংশ বেড়ে ৮ হাজার ৮৫১ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের সপ্তাহে যা ছিল ৮ হাজার ৭৯৫ পয়েন্ট।
সিএসইতে গত সপ্তাহে ৩৩ কোটি ৯৯ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে হয়েছিল ১৯ কোটি ৫৭ লাখ টাকা। আলোচ্য সপ্তাহে সিএসইতে লেনদেন হওয়া ৩১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ১৫৬টির আর অপরিবর্তিত ছিল ৩১টির বাজারদর।