‘আলোর পাঠশালা’র আন্তর্জাতিক স্বীকৃতি উদযাপন

দেশের দুর্গম এলাকায় ‘আলোর পাঠশালা’ স্থাপন করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে প্রথম আলো ট্রাস্ট।

এ মানবকল্যাণকর উদ্যোগের স্বীকৃতিস্বরূপ ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন (ইনমা) আয়োজিত ‘গ্লোবাল মিডিয়া অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘বেস্ট পাবলিক রিলেশনস অর কমিউনিটি সার্ভিস ক্যাম্পেইন (ন্যাশনাল ব্র্যান্ড)’ শ্রেণীতে সম্মাননা পেয়েছে দৈনিক প্রথম আলো। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীতে গণমাধ্যমটির কার্যালয়ে অংশীজন, শুভাকাঙ্ক্ষী ও পৃষ্ঠপোষকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর লক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সামিট করপোরেশন লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানের শুরুতেই প্রথম আলো ট্রাস্টের চেয়ারপারসন ও বার্জার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী সবাইকে স্বাগত জানান। এ সময় ইনমায় প্রথম আলো ট্রাস্ট পরিচালিত আলোর পাঠশালার সম্মানজনক স্বীকৃতি অর্জনের বিষয়টি তুলে ধরেন প্রথম আলোর মহাব্যবস্থাপক আজওয়াজ খান। এরপর আলোর পাঠশালা ও প্রথম আলো ট্রাস্টের কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতানা। এ সময় আলোচনায় অংশ নিয়ে সামিট পাওয়ার লিমিটেড ও অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল (অব.) মনিরুল ইসলাম আকন্দ বলেন, ‘আলোর পাঠশালা কার্যক্রম প্রকৃতপক্ষে দেশের দুর্গম প্রান্তিক এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। এ আন্তর্জাতিক স্বীকৃতি খুবই আনন্দের। সামিট গ্রুপ সব সময়ই জনকল্যাণকর কাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তাদের সার্বিক সহায়তা অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আইডিএলসির চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার ও ব্যবস্থাপনা পরিচালক জামাল উদ্দিন; ব্র্যাক ব্যাংকের হেড অব ইন্টারনাল কমিউনিকেশন অ্যান্ড সিএসআর শফিকুর রহমান ভুইয়া; প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও ট্রাস্টের সদস্য আনিসুল হক। সবশেষে সবাইকে ধন্যবাদ জানান প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সামিট মেঘনাঘাট ১ ও ২-এর এমডি ও সিইও মো. রিয়াজ উদ্দিন, সামিট বিবিয়ানা পাওয়ার কোম্পানি লিমিটেডের এমডি ও সিইও এসএম নূর উদ্দিন, সামিট করপোরেশন লিমিটেডের হেড অব পাবলিক রিলেশন অ্যান্ড মিডিয়া মোহসেনা হাসান, পাবলিক রিলেশন অ্যান্ড মিডিয়ার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফয়সাল আল-আমীন ও অমিত মণ্ডল এবং ব্র্যাক ব্যাংকের সিএসআর প্রোগ্রামস কমিউনিকেশন কর্মকর্তা হান্না আনব্রীন প্রমুখ।

আরও