২০২৪ সালের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) আবুধাবির সম্পত্তি বাজারে লেনদেন বেড়েছে ৪২ শতাংশ। এর পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৪০০ কোটি দিরহামে, যা ১ হাজার ৪৭০ কোটি ডলারের সমতুল্য। খাতসংশ্লিষ্টরা বলছেন, জনসংখ্যা বাড়ার পাশাপাশি শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রভাবে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) এ অঞ্চলে প্রপার্টি বাজারের চাহিদা অব্যাহত রয়েছে। খবর দ্য ন্যাশনাল।
আবুধাবি রিয়েল এস্টেট সেন্টারের (অ্যাডরেক) প্রতিবেদন অনুযায়ী, জুন পর্যন্ত ছয় মাসে অঞ্চলটিতে আবাসিক ইউনিটের বিক্রি বেড়েছে ৩৮ শতাংশ, যার আকার ২ হাজার ৫০০ কোটি দিরহাম। এ সময় মোট প্রপার্টি লেনদেন ছিল ১৫ হাজার ৫৭৮টি, যা বার্ষিক হারে ২৫ শতাংশ বৃদ্ধি।
অ্যাডরেকের কার্যনির্বাহী মহাব্যবস্থাপক রাশেদ আল ওমাইরা বলেন, ‘আবুধাবির রিয়েল এস্টেট বাজার নিজস্ব শক্তিমত্তা প্রমাণ করে চলেছে। বিক্রি মূল্য ও পরিমাণ উভয় ক্ষেত্রেই নতুন রেকর্ড করছে।’
তিনি জানান, অর্থনৈতিক প্রবৃদ্ধি, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা ও উচ্চমানের প্রকল্প বাস্তবায়ন এ আমিরাতকে বিনিয়োগ ও বসবাসের শীর্ষ স্থান হিসেবে প্রতিষ্ঠা করছে।
গত বছর আবুধাবির অর্থনীতি ৩ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে, যার আকার রেকর্ড ১ দশমিক ২ ট্রিলিয়ন দিরহাম। এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আবুধাবির জ্বালানি তেলবহির্ভূত খাত। ওই সময় খাতটি ৬ দশমিক ২ শতাংশ সম্প্রসারণ হয়ে ৬৪ হাজার ৪৩০ কোটি দিরহামে পৌঁছেছে, যা মোট জিডিপির ৫৪ দশমিক ৭ শতাংশের প্রতিনিধিত্ব করছে।