বিশ্ববাজারে আকরিক লোহার দাম নিম্নমুখী

আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার দাম উল্লেখযোগ্য হারে কমেছে।

বিশ্বের শীর্ষ ব্যবহারকারী দেশ চীনের বন্দরগুলোয় এ কাঁচামালের মজুদ রেকর্ড উচ্চতায় পৌঁছানোয় মূলত এ পরিস্থিতি তৈরি হয়েছে। বন্দরে সরবরাহ প্রচুর থাকায় ইস্পাত কারখানাগুলো এখন নতুন করে আমদানির আগ্রহ কমিয়ে দিয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

বাজার সূত্রে জানা গেছে, আকরিক লোহার সরবরাহ চুক্তি মূল্য টনপ্রতি ৭৪০ ইউয়ানের নিচে নেমে গেছে, যা এক বছরের মধ্যে সর্বনিম্ন। বর্তমানে চীনের বন্দরগুলোয় আকরিক লোহার মজুদ দাঁড়িয়েছে রেকর্ড ১৬ কোটি টনে। এ বিপুল পরিমাণ মজুদের কারণে বাজারে এক ধরনের মন্দা ভাব দেখা দিয়েছে।

এদিকে অস্ট্রেলিয়ার শীর্ষ খনি কোম্পানি ফোর্টসকিউর পণ্য সরবরাহের ওপর কিছু বিধিনিষেধ আরোপ করেছে চীন। তা সত্ত্বেও বাজারে এর কোনো ইতিবাচক প্রভাব পড়েনি। রাষ্ট্রায়ত্ত চীন মিনারেল রিসোর্সেস গ্রুপ (সিএমআরজি) ১৫ জুলাইয়ের মধ্যে ফোর্টসকিউর নির্দিষ্ট কিছু কাঁচামাল খালাসের নির্দেশ দিয়েছে। এরপর পণ্যটি কালো তালিকাভুক্ত হতে পারে। দীর্ঘমেয়াদি চুক্তি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, চীনে ইস্পাতের সামগ্রিক চাহিদা না বাড়লে আকরিক লোহার দাম আরো কমতে পারে।

আরও