রেকর্ড সর্বনিম্নে মূল্যস্ফীতি সুদহার কমল ভারতে

দৃঢ় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও রেকর্ড সর্বনিম্ন মূল্যস্ফীতির প্রেক্ষাপটে সুদহার কমিয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক।

দৃঢ় অর্থনৈতিক প্রবৃদ্ধি ও রেকর্ড সর্বনিম্ন মূল্যস্ফীতির প্রেক্ষাপটে সুদহার কমিয়েছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক। বিশ্লেষকরা বলেছেন, গোল্ডিলকস পিরিয়ড বা অনুকূল সময়ের সুযোগ দিতে দেশটির নীতিনির্ধারকরা এ সিদ্ধান্ত নিয়েছেন। খবর এফটি।

তিনদিনের বৈঠক শেষে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) গতকাল ২৫ বেসিস পয়েন্ট সুদহার কমানোর ঘোষণা দিয়েছে।

গত বছরের শেষ দিকে আরবিআইয়ের গভর্নর হিসেবে দায়িত্ব নেন সঞ্জয় মালহোত্রা। তার অধীনে এ পর্যন্ত মোট সুদহার কমেছে ১ দশমিক ২৫ শতাংশীয় পয়েন্ট। এতে ভারতীয় কেন্দ্রীয় ব্যাংকের বেঞ্চমার্ক সুদহার নেমে এসেছে ৫ দশমিক ২৫ শতাংশে।

গত সপ্তাহে প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকে ভারতের অর্থনীতি ৮ দশমিক ২ শতাংশ হারে সম্প্রসারণ হয়েছে। এ সময় যুক্তরাষ্ট্রে রফতানির ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের প্রভাব নিয়ে উদ্বেগ থাকলেও অর্থনৈতিক প্রবৃদ্ধি কোনো বড় ধাক্কা খায়নি বলে অভিমত বিশ্লেষকদের।

গত বছর ভারতে মূল্যস্ফীতি ৬ শতাংশের ওপর থাকলেও এখন প্রায় শূন্যের কাছাকাছি। বিশ্লেষকদের মতে, এ পরিস্থিতি কেন্দ্রীয় ব্যাংককে আরো সুদহার কমানোর সুযোগ করে দিয়েছে।

গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেন, ‘আন্তর্জাতিক পরিবেশ প্রতিকূল ও চ্যালেঞ্জপূর্ণ হওয়া সত্ত্বেও ভারতীয় অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়ানোর সক্ষমতা দেখিয়েছে।’

তবে পূর্বাভাসের তুলনায় জিডিপি প্রবৃদ্ধি কিছুটা শিথিল হতে পারে বলেও সতর্কবার্তা দিয়েছেন তিনি।

চলমান ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধে (এপ্রিল-সেপ্টেম্বর) প্রত্যাশার তুলনায় বেশি প্রবৃদ্ধি ও অনুকূল মূল্যস্ফীতি ‘বিরল গোল্ডিলকস সময়কাল’ তৈরি করেছে বলে মন্তব্য করেন সঞ্জয় মালহোত্রা।

সম্প্রতি চলতি অর্থবছরের জন্য প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়িয়ে ৭ দশমিক ৩ শতাংশ করেছে আরবিআই, যা আগের পূর্বাভাস থেকে অর্ধ শতাংশীয় পয়েন্ট বেশি।

সুদহার কমানোর এ ঘোষণার পর গতকাল ভারতীয় শেয়ারবাজারে উত্থান দেখা যায়। মুম্বাইয়ের সেনসেক্স সূচক দশমিক ২ শতাংশ ও নিফটি ৫০ সূচক দশমিক ৩ শতাংশ বেড়েছে। তবে ডলারের সঙ্গে বিনিময় হারে রুপি দশমিক ৪ শতাংশ দুর্বল হয়েছে, যা গত বুধবারের রেকর্ড সর্বনিম্নের কাছাকাছি। এ বছর এশিয়ার সবচেয়ে খারাপ পারফর্ম করা মুদ্রা হলো ভারতীয় রুপি।

সুদহার কমানোর পাশাপাশি বাজারে তারল্য সরবরাহের পরিকল্পনাও ঘোষণা করেছেন গভর্নর সঞ্জয় মালহোত্রা। তিনি জানান, আরবিআই ১ ট্রিলিয়ন রুপি বা ১ হাজার ১১০ কোটি ডলার মূল্যের ওপেন মার্কেট অপারেশন (ওএমও) ও ৫০০ কোটি ডলারের ডলার-রুপি সোয়াপ পরিচালনা করবে।

বিশ্লেষকরা বলছেন, ভারতের অর্থনীতি মূলত অভ্যন্তরীণ চাহিদানির্ভর। ফলে মার্কিন শুল্কবৃদ্ধির ধাক্কা এশিয়ার অন্যান্য রফতানিনির্ভর দেশের মতো এখানে তীব্র নয়। এছাড়া দুর্বল রুপি রফতানিকারকদের কিছুটা সুরক্ষা দিয়েছে। মুদ্রার বিনিময় হার কমায় তাদের পণ্যের দাম আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সুবিধা পাচ্ছে।

আরও