সিএমএসএমই খাতের ব্যবসা সচল রাখতে বিসিআই চালু পাইওনিয়ার ইন্স্যুরেন্সের

বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত সিএমএসএমই উদ্যোক্তাদের ব্যবসায়িক কার্যক্রম দ্রুত পুনরুদ্ধারে ব্যবসায়িক ধারাবাহিকতা বীমা (বিসিআই) কর্মসূচি চালু করেছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স পিএলসি।

ইউএনডিপি-এসএমই ফাউন্ডেশনের বীমা উদ্ভাবন চ্যালেঞ্জ তহবিলের (আইআইসিএফ) আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সম্প্রতি এক অনুষ্ঠানে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার আহসান। বীমা প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে বিসিআই কর্মসূচির উদ্দেশ্য, বাস্তবায়ন পদ্ধতি ও বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে উপস্থাপনা দেয় কেএম দস্তুর অ্যান্ড কোম্পানি লিমিটেড। এতে বলা হয়, এ কর্মসূচির আওতায় সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য বিভিন্ন ঝুঁকির বিপরীতে সাশ্রয়ী বীমা সুরক্ষা দেয়া হবে। ফলে কিস্তিভিত্তিক বীমা মডেলের মাধ্যমে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যবসা দ্রুত পুনরায় চালু করার পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার সুযোগ তৈরি হবে।

উপস্থাপনা শেষে পাইওনিয়ার ইন্স্যুরেন্স, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস (সিডিআইপি), দেশা, আরডিআরএস বাংলাদেশ ও সফটোগ্রাফের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। এর মধ্য দিয়ে কর্মসূচিটির আনুষ্ঠানিক বাস্তবায়ন শুরু হলো।

চুক্তির আওতায় বীমা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করবে পাইওনিয়ার ইন্স্যুরেন্স। কেএম দস্তুর অ্যান্ড কোম্পানি (কেএমডি) কারিগরি সহায়তা দেবে। আর সফটোগ্রাফ কর্মসূচিটির ডিজিটাল প্লাটফর্ম তৈরি ও প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করবে।

অন্যদিকে অংশগ্রহণকারী ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো (এমএফআই) দেশের বিভিন্ন অঞ্চলের সিএমএসএমই উদ্যোক্তাদের কাছে কর্মসূচিটি পৌঁছে দিতে কাজ করবে। পাশাপাশি উদ্যোক্তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও বীমা নিবন্ধন কার্যক্রমেও সহায়তা করবে এসব প্রতিষ্ঠান।

আরও