রফতানিমুখী শিল্পের জন্য এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ডের (ইডিএফ) অর্থায়ন পেতে ব্যাক টু ব্যাক এলসির আওতায় স্থানীয় সরবরাহের বিল ২৭০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। এ সময়ের পর কোনো লোকাল ডেলিভারি বিল বকেয়া থাকলে অথরাইজড ডিলার (এডি) ব্যাংকসংশ্লিষ্ট রফতানিকারকের ইডিএফ অর্থায়নের আবেদন বিবেচনা করবে না। বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-১ থেকে গতকাল এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়, যার অনুলিপি দেশের সব এডি ব্যাংকের কাছে পাঠানো হয়েছে। এ সিদ্ধান্তের ফলে ব্যাক টু ব্যাক এলসির বিপরীতে স্থানীয় সরবরাহের বিল পরিশোধ ও ইডিএফ অর্থায়নের ক্ষেত্রে ওভারডিউ নির্ধারণের সময়সীমা একই কাঠামোয় চলে এল।
প্রজ্ঞাপনে বলা হয়, ২৩ জুলাই জারি করা এফইপিডি-১ সার্কুলার নং ২৪-এর ৪(ঘ) অনুচ্ছেদ অনুযায়ী, ইডিএফ ঋণের আবেদন পাঠানোর আগে এডি ব্যাংককে ডিমড এক্সপোর্টারের ওভারডিউ স্ট্যাটাস যাচাই করতে হয়। আর ১৩ আগস্ট জারি করা এফইপিডি-১ সার্কুলার নং ৩০-এর পার্ট-জি-এর ২(ঘ) অনুচ্ছেদে ব্যাক টু ব্যাক ইমপোর্ট এলসি ইউজেন্স ভিত্তিতে সর্বোচ্চ ২৭০ দিনের জন্য খোলার অনুমতি দেয়া হয়েছে।
নতুন নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এলিজিবল প্রডিউসারদের বাল্ক ইমপোর্টের বিপরীতে এডি ব্যাংকগুলো ইডিএফ ফাইন্যান্স বিবেচনা করতে পারবে। তবে শর্ত হলো ব্যাক টু ব্যাক এলসির বিপরীতে লোকাল ডেলিভারি বিল ২৭০ দিনের বেশি সময় আউটস্ট্যান্ডিং থাকা যাবে না।
এর ফলে ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে স্থানীয়ভাবে কাঁচামাল বা অন্যান্য উপকরণ সংগ্রহের পর সংশ্লিষ্ট বিল ২৭০ দিনের মধ্যে পরিশোধ না হলে তা ওভারডিউ হিসেবে বিবেচিত হবে।