সেরা বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের স্বীকৃতি পেল এমটিবি

ওয়ার্ল্ড বিজনেস আউটলুক (ডব্লিউবিও) কর্তৃক বাংলাদেশের সেরা বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে স্বীকৃতি পেয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)।

ওয়ার্ল্ড বিজনেস আউটলুক (ডব্লিউবিও) কর্তৃক বাংলাদেশের সেরা বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে স্বীকৃতি পেয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। ‘বেস্ট প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক ২০২৫’ শীর্ষক এ পুরস্কার এমটিবির উদ্ভাবন, টেকসই উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়ে নিরলস প্রচেষ্টার প্রতিফলন। এমটিবির এ স্বীকৃতি অর্জনের পেছনে রয়েছে ২০২৪ সালে রেকর্ড মুনাফা, পর্যাপ্ত মূলধন সংরক্ষণ ও মন্দ ঋণ নিয়ন্ত্রণে রাখার মতো শক্তিশালী আর্থিক সাফল্য। এছাড়া পরপর কয়েক বছর দেশের শীর্ষ টেকসই ব্যাংকগুলোর তালিকায় স্থান করে নিয়েছে ব্যাংকটি। পাশাপাশি ২০২৪ সালে দ্য ব্যাংকার কর্তৃক ‘সেরা ব্যাংক’, একাধিকবার ইউরোমানির ‘সেরা ডিজিটাল ব্যাংক’ এবং ‘বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির সেরা ব্যাংক’ হিসেবে পুরস্কার অর্জন করেছে এমটিবি।

ডিজিটাল ব্যাংকিং সেবা প্রবর্তন, এসএমই অর্থায়ন সম্প্রসারণ ও আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে এমটিবির সাফল্য বাংলাদেশের ব্যাংক খাতে নতুন মানদণ্ড স্থাপন করেছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও পরিবেশ সংরক্ষণে এমটিবির সিএসআর কার্যক্রম টেকসই উন্নয়নের অঙ্গীকারের প্রতিফলন। কঠোর ঝুঁকি ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক মানদণ্ড মেনে আর্থিক কার্যক্রম পরিচালনা ব্যাংকটির সুনামকে আরো সুদৃঢ় করেছে।

এ অর্জন প্রসঙ্গে এমটিবির এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘ডব্লিউবিওর এ পুরস্কার এমটিবির চলমান উৎকর্ষের প্রতিশ্রুতির পরিচায়ক ও গ্রাহক-প্রথম মানসিকতার প্রতিফলন।’

উল্লেখ্য, উদ্ভাবন, আর্থিক স্থিতিশীলতা ও সামাজিক দায়বদ্ধতার ভিত্তিতে বিশ্বব্যাপী ব্যাংকগুলোকে মূল্যায়ন করে ডব্লিউবিও। ফলে এ স্বীকৃতি এমটিবির শক্তিশালী প্রাতিষ্ঠানিক সুশাসন ও দূরদর্শী নেতৃত্বের প্রতিফলন। —বিজ্ঞপ্তি

আরও