বীমা খাতের তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সর্বশেষ সার্ভিল্যান্স রেটিং দীর্ঘমেয়াদে ‘এএএ’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত অন্যান্য তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড (ইসিআরএল)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) ডেল্টা লাইফের বীমা দাবি পরিশোধসহ মোট ব্যয়ের পর উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১৮৯ কোটি টাকায়, আগের হিসাব বছরে একই সময়ে যা ছিল ২৩ কোটি টাকা। এদিকে চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বীমা দাবি পরিশোধসহ মোট ব্যয়ের পর কোম্পানিটির উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৪৭ কোটি টাকায়, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে এক্ষেত্রে ৭৮ কোটি টাকার ঘাটতি ছিল।
ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা তহবিল ২০২৫ সালের সেপ্টেম্বর শেষে ৪ হাজার ১০২ কোটি টাকায় দাঁড়িয়েছে। এক বছরে ব্যবধানে কোম্পানিটির জীবন বীমা তহবিলের পরিমাণ বেড়েছে ১৯৬ কোটি টাকা।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরেও বিনিয়োগকারীদের একই হারে লভ্যাংশ দিয়েছে ডেল্টা লাইফ। কোম্পানিটির পর্ষদ সমাপ্ত ২০১৯, ২০২০ ও ২০২১ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ৩০ শতাংশ করে নগদ লভ্যাংশ দিয়েছে। ডেল্টা লাইফ সমাপ্ত ২০১৮ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। সমাপ্ত ২০১৭ হিসাব বছরে ২৫ শতাংশ নগদ, সমাপ্ত ২০১৬ হিসাব বছরে ২০ শতাংশ নগদ ও সমাপ্ত ২০১৫ হিসাব বছরে ১৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ডেল্টা লাইফ।
১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের অনুমোদিত মূলধন ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১২৩ কোটি ৭৫ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৫০ হাজার। এর ৪৮ দশমিক ২৬ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৬ দশমিক ৩০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৫ দশমিক ৪৪ শতাংশ শেয়ার রয়েছে।
ডিএসইতে গতকাল ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৭০ টাকা ২০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ৬০ টাকা ৮০ থেকে ৯৩ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।