তৃণমূল পর্যায়ে তরুণ উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির চূড়ান্ত বাছাই শুরু হচ্ছে আজ। প্রথম পর্যায়ে মানিকগঞ্জ জেলা দিয়ে শুরু হওয়া এ কার্যক্রম চলবে ১০ নভেম্বর পর্যন্ত। বাছাই প্রক্রিয়ায় থাকবেন দেশের শীর্ষ উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতারা। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
‘উদ্যোগ: উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’র আওতায় প্রাথমিকভাবে ৬৪টি উপজেলার ৬৪০ জন তরুণ উদ্যোক্তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকা করে অর্থায়ন করা হবে। এর অর্ধেক ব্যাংক ঋণ ও বাকি অর্ধেক অনুদান হিসেবে দেয়া হবে।
কর্মসূচির প্রথম পর্যায়ে গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত আট বিভাগের আট জেলা—মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনার ৬৪টি উপজেলা থেকে আবেদন নেয়া হয়। এতে মোট ১৮ হাজার ৪৪৪ জন অর্থায়নের আবেদন করেন। দ্বিতীয় পর্যায়ে দেশের বাকি ৫৬ জেলার সব উপজেলায় আবেদন গ্রহণ চলছে।
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিতব্য মানিকগঞ্জ জেলার বাছাই কার্যক্রম মূল্যায়ন করবেন এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, মোহাম্মদী গ্রুপের চেয়ারম্যান রুবানা হক, ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসের এজাজ বিজয়, অন্যরকম গ্রুপের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান সোহাগ এবং পাঠাও লিমিটেডের সিইও ফাহিম আহমেদ।