শীর্ষে বিওয়াইডি ও ভিনফাস্ট

এশিয়ায় রাইডশেয়ারিংয়ে জনপ্রিয় হচ্ছে ইভি

ইন্দোনেশিয়ার জনবহুল রাজধানী জাকার্তার ব্যস্ত রাস্তায় এখন প্রায়ই চোখে পড়ে উজ্জ্বল রঙের নতুন কিছু গাড়ি।

চীনের বিওয়াইডি এবং ভিয়েতনামের ভিনফাস্ট ব্র্যান্ডের এসব বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) দ্রুতই এশিয়ার বাজার দখলে জাপানি গাড়ি নির্মাতাদের চ্যালেঞ্জ জানাচ্ছে। সায়ান রঙের ভিনফাস্ট ট্যাক্সিগুলো সহজেই সবার নজর কাড়ছে। মাত্র এক বছর আগে চালু হওয়া রাইডশেয়ারিং সেবা ‘গ্রিন স্মার্ট মোবিলিটি’ বা ‘গ্রিন এসএম’ বর্তমানে ইন্দোনেশিয়ার বিশাল রাজধানীর বাসিন্দা ও পর্যটকদের চলাচলের অন্যতম জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে। সুমিন্টো নামে একজন চালক জানান, গাড়িগুলো বেশ আরামদায়ক, পরিষ্কার ও প্রশস্ত। তবে সবচেয়ে বড় আকর্ষণ হলো এর সাশ্রয়ী ভাড়া। সাধারণত যে পথে যেতে ৮০ হাজার রুপিয়াহ খরচ হতো, গ্রিন এসএমে সেখানে মাত্র ৩০ হাজার রুপিয়াহ লাগছে। বাজার বিশ্লেষকদের মতে, শুধু গাড়ি বিক্রি নয় বরং ভাড়ায় চালিত সেবা এবং ভর্তুকির মাধ্যমে বাজার দখলের কৌশল নিয়েছে ভিনফাস্ট। ভিয়েতনামে বর্তমানে কোম্পানির বাজার হিস্যা ৩৭ শতাংশ। অন্যদিকে চীনের বিওয়াইডি পিছিয়ে নেই। রাইডশেয়ারিং জায়ান্ট ‘গ্র্যাবের’ সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনামে ইভি সরবরাহ করছে কোম্পানিটি। ব্রোকারেজ প্রতিষ্ঠান সিএলএসএর ইন্দোনেশীয় গবেষণাপ্রধান সারিনা লেসমিনা এ কৌশলকে ইতিবাচক হিসেবে দেখছেন। তিনি মনে করেন, এর ফলে সাধারণ মানুষ প্রথমবারের মতো ব্যাটারিচালিত ইভি গাড়ির অভিজ্ঞতা নেয়ার সুযোগ পাচ্ছে। পিডব্লিউসির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম তিন প্রান্তিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার ছয়টি বড় বাজারে দ্রুত বর্ধনশীল ব্র্যান্ড ছিল বিওয়াইডি ও ভিনফাস্ট। এ সময় বিওয়াইডির বিক্রয় প্রবৃদ্ধি হয়েছে ৯৫ শতাংশ এবং ভিনফাস্টের ক্ষেত্রে তা ৯০ শতাংশ।

ভিনফাস্টের একটি অনন্য কৌশল হলো গাড়ি ও ব্যাটারির মালিকানা আলাদা রাখা। ক্রেতারা গাড়ি কেনার সময় ব্যাটারি ছাড়া কম দামে কিনতে পারেন এবং মাসিক একটি নির্দিষ্ট ফির বিনিময়ে ব্যাটারি লিজ নেন। এতে ইলেকট্রিক গাড়ির প্রাথমিক দাম সাধারণ জ্বালানিচালিত গাড়ির সমান বা কম হয়ে যায়। অন্যদিকে বিওয়াইডি নিজেদের গাড়ির ব্যাটারি নিজেরাই তৈরি করে। কোম্পানির তৈরি ‘ব্লেড ব্যাটারি’ বর্তমানে ইলেকট্রিক গাড়ির বাজারে সবচেয়ে নিরাপদ এবং দীর্ঘস্থায়ী হিসেবে স্বীকৃত। খবর নিক্কেই এশিয়া

আরও