গুগলের চ্যাটবট জেমিনির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৭৫ কোটি ছাড়িয়েছে। গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটের ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর টেকক্রাঞ্চ।
গুগলের তথ্যানুযায়ী, তিন মাসের ব্যবধানে জেমিনির ব্যবহারকারীর সংখ্যা ১০ কোটি বেড়েছে। আগের প্রান্তিকে এ সংখ্যা ছিল ৬৫ কোটি।
বাজার বিশ্লেষকদের মতে, জেমিনির দ্রুত উত্থান মেটা এআইয়ের মতো প্রতিদ্বন্দ্বীদের অনেকটা পেছনে ফেলে দিয়েছে। তবে এআইয়ের লড়াইয়ে এখনো শীর্ষে আছে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি। ২০২৫ সালের শেষ নাগাদ চ্যাটজিপিটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৮১ কোটিতে।
গুগলের এ সাফল্যের পেছনে মূল কারিগর হিসেবে দেখা হচ্ছে প্রতিষ্ঠানটির সম্প্রতি উন্মোচিত কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন সংস্করণ ‘জেমিনি ৩’ মডেলকে। গুগলের দাবি, সর্বাধুনিক মডেলটি আগের তুলনায় অনেক বেশি গভীর ও সূক্ষ্মভাবে মানুষের প্রশ্নের উত্তর দিতে সক্ষম। উন্মোচনের পর পরই ব্যবহারকারীদের মধ্যে এর গ্রহণযোগ্যতা ব্যাপক হারে বেড়েছে।
গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই জানান, জেমিনি ৩ মডেলের সংযোজন কোম্পানির সামগ্রিক প্রবৃদ্ধির জন্য একটি ইতিবাচক চালিকাশক্তি হিসেবে কাজ করেছে।
তিনি আরো জোর দিয়ে বলেন, ‘আধুনিক মডেলটিতে নিয়মিত বিনিয়োগ ও সময়ের সঙ্গে এর কার্যক্ষমতা আরো উন্নত করার প্রক্রিয়া অব্যাহত থাকবে।’
বাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে গুগল সম্প্রতি ‘গুগল এআই প্লাস’ নামে একটি সাশ্রয়ী সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছে। পরিষেবাটির মাসিক ফি নির্ধারণ করা হয়েছে ৭ ডলার ৯৯ সেন্ট। মূলত বাজেট সচেতন ব্যবহারকারীদের আকৃষ্ট করতে এ উদ্যোগ নেয়া হয়েছে, যা ভবিষ্যতে গ্রাহক সংখ্যা আরো বাড়াতে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।
তবে বাজার পর্যবেক্ষক সংস্থা সেন্সর টাওয়ারের সাম্প্রতিক প্রতিবেদন বলছে, ওপেনএআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটির গ্রাহক প্রবৃদ্ধি শ্লথ হয়ে আসছে। গত আগস্ট থেকে নভেম্বরের মধ্যে প্লাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারী বেড়েছে কেবল ৫ শতাংশ। একই সময় গুগলের জেমিনি ব্যবহারকারী বেড়েছে ৩০ শতাংশ।